ফেনীতে বন্যার কারণে চার দিন ধরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ। এতে চট্টগ্রামের বাজারে কাঁচা মরিচের সংকট দেখা দিয়েছে। এই সুযোগে কিছু ব্যবসায়ী কাঁচা মরিচ ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি করছেন। তবে এখন আর কেজি নয়, ৫০-১০০ গ্রামেই বিক্রি হচ্ছে পণ্যটি।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্দরনগরী চট্টগ্রামের পাইকারি আড়তে অধিকাংশ সবজি আসে বগুড়া, ফরিদপুর, জামালপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে। কিছু সবজি আশপাশের উপজেলা থেকেও আসে, তবে তা তুলনায় একেবারেই কম। বন্যার কারণে তিন দিন ধরে মহাসড়কে যান চলাচল ধীর গতি থাকায় চট্টগ্রামের বাজারে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী।
গতকাল শনিবার চট্টগ্রামের বহদ্দারহাট, কাজীর দেউড়ি ও রিয়াজউদ্দিন বাজারে ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। চকবাজার ও বহদ্দারহাটে ১ হাজার ২০০ টাকা কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। অন্যদিকে রিয়াজউদ্দিন বাজারের পাইকারি আড়তে কাঁচা মরিচের দাম ১ হাজার ১০০ টাকা পর্যন্ত উঠেছে। যদিও সরবরাহ না থাকায় গতকাল কাঁচা মরিচ বিক্রি হয়নি।
বাজারের বেশির ভাগ দোকানেই কাঁচা মরিচ নেই। যেখানে আছে সেগুলোতে ১০০ গ্রাম কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। দাম শুনেই অনেক ক্রেতা কাঁচা মরিচ না কিনে ফিরে যাচ্ছেন। কেউ কেউ এক সপ্তাহ এই পণ্যটি না কেনার জন্য ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন।
এই প্রতিবেদক (২৪ আগস্ট রাতে) নগরীর আগ্রাবাদ টিঅ্যান্ডটি কাঁচা বাজারে মরিচের দাম জিজ্ঞেস করেই আঁতকে ওঠেন। পরে ১২০ টাকায় ১০০ গ্রাম মরিচ কেনেন। বহদ্দারহাট কাঁচাবাজারে মরিচ কিনতে যান বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এস এম জিয়া চৌধুরী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কাঁচা মরিচের দাম কত জানতে চাইলে বিক্রেতা বলেন ১২০ টাকা। ভেবেছিলাম এক কেজির দাম। কিন্তু পরে জানতে পারি ১০০ গ্রাম কাঁচা মরিচের দামই ১২০ টাকা। সে জন্য আর কাঁচা মরিচ কিনিনি।’
রিয়াজউদ্দিন বাজারে কথা হয় ক্রেতা রুবেল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘বন্যার অজুহাত দেখিয়ে কাঁচা মরিচের দাম হাজারের ওপর রাখছেন বিক্রেতারা। এমন পরিস্থিতিতে সবাইকে বলব এক সপ্তাহ কাঁচা মরিচ না কিনতে।’
এদিকে বাজারে গত দু-তিন দিন কাঁচা মরিচ আসেনি বলে জানিয়েছেন রিয়াজউদ্দিন বাজারের মেসার্স মেম্বার বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী নুরুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতি ও শুক্রবারেও প্রতি কেজি কাঁচা মরিচের দাম ১৭০-১৮০ টাকা ছিল। কিন্তু বন্যার কারণে গত দু-তিন দিন চট্টগ্রামে কাঁচা মরিচ আসেনি। সে জন্য এখন বাজারে কাঁচা মরিচ নেই।’
তবে সরবরাহ না থাকলে দাম বাড়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক (চট্টগ্রাম) মোহাম্মদ ফয়েজ উল্যাহ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে অনেকেই কাঁচা মরিচের দামের বিষয়ে অভিযোগ দিয়েছেন। শিগগির অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনা খাদ্য পরিবহন (সড়কপথ) ঠিকাদার সমিতির দখল নিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় শেখ হারুনুর রাশিদ (৬২) নামের এক ঠিকাদার গুলিবিদ্ধ হয়েছেন।
৪ মিনিট আগে
শুনানি শেষে আদালত নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখিয়ে আবার কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন। যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মহিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
২৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সোহেল পলাতক।
১ ঘণ্টা আগে
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। এ সময় নতুন করে আরও ৯২ জন সন্দেহভাজন হাম-রুবেলা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
১ ঘণ্টা আগে