ধর্ম অবমাননার অভিযোগে ফেনীতে যুবককে গণপিটুনি, পুলিশের গাড়ি ভাঙচুর

ফেনী শহরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। পরবর্তীকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবক ও তাঁর স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে শহরের গার্ডেন সিটি ভবনের সামনে এ ঘটনা ঘটে।
হামলা ও ইটপাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্যসহ অন্তত চারজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে ফেনী মডেল থানা-পুলিশ সদস্যদের আহত হওয়ার বিষয়টি অস্বীকার করেছে।
আটক যুবকের নাম আনোয়ার হোসেন পারভেজ। তিনি জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের ইমান আলী সওদাগর বাড়ির কামাল উদ্দিনের ছেলে। তিনি পরিবার নিয়ে ফেনী শহরের গার্ডেন সিটি ভবনের ১৬তলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন পারভেজ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘লিহন প্রাইম’ নামের একটি আইডি ব্যবহার করে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে কটূক্তিমূলক পোস্ট দিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে কয়েক দিন ধরে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ক্ষুব্ধ জনতা গার্ডেন সিটি ভবনের নিচে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
সংবাদ পেয়ে ফেনী মডেল থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই ফ্ল্যাট থেকে পারভেজ ও তাঁর স্ত্রীকে আটক করে। তবে তাঁদের নিচে নামিয়ে পুলিশের গাড়িতে তোলার সময় উত্তেজিত জনতা চড়াও হয়ে পারভেজকে মারধর শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটক ব্যক্তিদের গাড়িতে তোলার পরও জনতা লাঠিসোঁটা, ইটপাটকেল ও ডিম নিক্ষেপ করতে থাকেন। ইটপাটকেলের আঘাতে পুলিশের পিকআপ ভ্যানটির সামনের কাচ ও অংশবিশেষ ভেঙে যায়। এ সময় উত্তেজনা ও বিশৃঙ্খলার মধ্যে ফেনী মডেল থানার পরিদর্শক (অপারেশন) সাজেদ কামাল ও কনস্টেবল বানু দাশসহ অন্তত চারজন আহত হন।
ঘটনার বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত যুবক ও তাঁর স্ত্রীকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে।
ওসি বলেন, ‘আটকদের গাড়িতে তুলে থানায় আনার পথে উত্তেজিত জনতা হামলা চালায়, এতে পুলিশের গাড়ির আংশিক ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি।’
ওসি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগের বিষয়টি পুলিশ নিবিড়ভাবে তদন্ত করছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।









