Ajker Patrika

ফেনীতে নাশকতার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ২১: ৪০
ফেনীতে নাশকতার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
ছবি: আজকের পত্রিকা

ফেনীতে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে চারজনকে পেট্রল বোমাসহ গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার ফাজিলপুরের শরিয়ত উল্লাহর ছেলে জিয়াউল হক, সিলোনিয়ার আবদুর রাজ্জাকের ছেলে রাকিবুল হাসান, একই এলাকার শাহ আলমের ছেলে জাহিদুল আলম মাহিন, জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক তাহফিমুল ইসলাম বাবু হাজারী, ছলিম উল্ল্যাহর ছেলে জাকির হোসেন, নোয়াখালীর কবিরহাট উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আলী আল রাজু, দাগনভূঞার সৌরভ হোসেন সাইমুন, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক আশিক এবং পৌর ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক হুজাইফা তামিম।

ফেনী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে আগে করা একাধিক মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকা থেকে পেট্রলবোমাসহ আরও চারজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন সদর উপজেলার শর্শদির মৃত জয়নাল আবেদিনের ছেলে রেজাউল করিম, কুমিল্লার মনোহরগঞ্জ এলাকার আবু জাহেরের ছেলে মনির হোসেন, সদর উপজেলার ধলিয়ার নুরন্নবীর ছেলে শেখ ফরিদ ও শর্শদির আবুল কাশেমের ছেলে মো. ইমরান।

এ ঘটনায় ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাছের বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেছেন।

ফেনী মডেল থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন। তাঁরা নিষিদ্ধ সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। গ্রেপ্তার ১৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত