Ajker Patrika

ফেনীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল কেন্দ্র করে উত্তেজনা, আটক ২

ফেনী প্রতিনিধি
ফেনীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল কেন্দ্র করে উত্তেজনা, আটক ২
শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল। ছবি: সংগৃহীত

ফেনীতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের হঠাৎ বের হওয়া একটি মিছিলকে কেন্দ্র করে নতুন করে চরম রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার সকালে, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাতে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে, প্রশাসনের ভূমিকার সমালোচনা করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবিবের নেতৃত্বে কয়েক মিনিটের একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা হলুদ ক্যাপ ও মুখে মাস্ক পরে ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলের পর মুহূর্তেই এর ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় ফেনী শহরের কেন্দ্রীয় বড় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠনের জোট এই কর্মসূচির আয়োজন করে।

ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় ফেনী শহরের কেন্দ্রীয় বড় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’। ছবি: আজকের পত্রিকা
ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় ফেনী শহরের কেন্দ্রীয় বড় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’। ছবি: আজকের পত্রিকা

বিক্ষোভ সমাবেশে বক্তারা প্রশাসনের তীব্র সমালোচনা করে জানান, নিষিদ্ধ সংগঠনের এমন প্রকাশ্য উপস্থিতি স্থানীয় প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন তোলে।

এনসিপির জেলা সদস্যসচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক বলেন, ‘প্রশাসনের সঙ্গে আঁতাত করেই এসব কর্মসূচি চালানো হচ্ছে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।’

জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার না করা হলে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা।

এদিকে ঘটনাটির পরপরই অভিযান চালিয়ে দুই তরুণকে আটক করেছে ফেনী জেলা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন নাজমুল ইসলাম শাহীন (২২) ও ইয়াছিন বাবু (২২)।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, ফেনীতে বিগত মে ও জুন মাসেও একই ধরনের ঝটিকা মিছিলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার একাধিক ঘটনা ঘটেছিল। প্রতিবারই ভিডিও প্রকাশের পর পুলিশের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার তথ্য জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত