
দীর্ঘদিন ধরে জনবল-সংকটে ধুঁকছে মেহেরপুরের গাংনী উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল। ১১টি অনুমোদিত পদের মধ্যে ৭টিই দীর্ঘদিন ধরে শূন্য থাকায় ব্যাহত হচ্ছে পশু চিকিৎসাসেবা। এতে সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো খামারি ও গবাদিপশুর মালিক। বাধ্য হয়ে অতিরিক্ত খরচে বেসরকারি বা স্থানীয় পশুচিকিৎসকের শরণাপন্ন হতে হচ্ছে তাদের।
গাংনী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় পারিবারিক ও বাণিজ্যিক মিলিয়ে ১৪ হাজার ৬০৪টি খামার রয়েছে। এর মধ্যে গাভি, গরু মোটাতাজাকরণ, ছাগল, ভেড়া, লেয়ার, ব্রয়লার, সোনালি মুরগি, হাঁস, কবুতর, কোয়েল ও টার্কির খামার রয়েছে। বিপুলসংখ্যক খামারের বিপরীতে পর্যাপ্ত জনবল না থাকায় মাঠপর্যায়ে সেবা নিশ্চিত করা যাচ্ছে না।
স্থানীয় খামারি ও গবাদিপশুর মালিকেরা জানান, চিকিৎসক ও মাঠকর্মীর সংকটের কারণে পশু অসুস্থ হলে সরকারি সেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। ফলে গ্রাম্য পশুচিকিৎসক বা বেসরকারি চিকিৎসকের কাছে যেতে হয়, যেখানে চিকিৎসা ব্যয় অনেক বেশি। অনেক ক্ষেত্রে সময়মতো চিকিৎসা না পাওয়ায় গবাদিপশুর মৃত্যু হচ্ছে, যা খামারিদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলছে।
খামারি স্বপন আলী বলেন, ‘গাংনী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে জনবল-সংকট না থাকলে আমরা কম খরচে গবাদিপশুগুলোর চিকিৎসা করাতে পারি। কিন্তু জনবল সংকটের কারণে তারা চিকিৎসা দেওয়ার জন্য বিভিন্ন এলাকায় প্রয়োজনমতো যেতে পারছে না। এতে চরম ভোগান্তি পোহাচ্ছে গাংনী উপজেলার খামারিরা। আবার অনেকে দূর থেকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পশুর চিকিৎসা করাতে গিয়ে বাড়তি খরচ গুনতে হচ্ছে। জনবল-সংকটের কারণে আমরা অল্প খরচে পশুর চিকিৎসা নেওয়া থেকে বঞ্চিত হচ্ছি। দীর্ঘদিন ধরে সমস্যা কাটছেই না। তাই অতি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর দেওয়া দরকার।’
কাজীপুর গ্রামের ইমরান হোসেন বলেন, পশু অসুস্থ হলে হাসপাতালে নেওয়া কষ্টসাধ্য। বাধ্য হয়ে স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হতে হয়, এতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।
মোহাম্মদপুর গ্রামের রাজু আহমেদ বলেন, জনবল-সংকটের কারণে সরকারি কর্মকর্তারা নিয়মিত গ্রামে গিয়ে সেবা দিতে পারছেন না। দ্রুত শূন্য পদে নিয়োগ দিয়ে এ সংকট দূর করা উচিত।
খামারি আব্দুল আলিম বলেন, সম্প্রতি তাঁর গরু লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হলে বেসরকারি চিকিৎসায় অনেক টাকা ব্যয় হয়েছে। সরকারি সেবা সহজলভ্য হলে এত খরচ হতো না।
হাড়াভাঙ্গা গ্রামের ঝরনা খাতুন বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা ব্যয় কম হলেও দূরত্ব ও জনবল-সংকটের কারণে সেই সেবা পাওয়া যায় না। এতে সাধারণ খামারিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, উপজেলা প্রাণিসম্পদ সহকারী, তিনজন ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভিএফএ), একজন কৃত্রিম প্রজনন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, একজন অফিস সহায়ক এবং একজন ভেটেরিনারি সার্জনের পদ দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে শূন্য রয়েছে। বর্তমানে ১১টি অনুমোদিত পদের মধ্যে মাত্র ৪টিতে কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন।
গাংনী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে সাতটি পদ শূন্য থাকায় মাঠপর্যায়ে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শূন্য পদগুলো পূরণ হলে উপজেলার সব এলাকায় পূর্ণাঙ্গ সেবা দেওয়া সম্ভব হবে। তিনি আরও বলেন, প্রতিদিন হাসপাতালে বিপুলসংখ্যক রোগী আসছে। সীমিত জনবল দিয়ে সেবা দিতে গিয়ে কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে।
মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মো. নাজমুল হুদা বলেন, জনবল-সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শূন্য পদ পূরণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
১ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
১ ঘণ্টা আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
২ ঘণ্টা আগে