
‘আমি বাঁচতে চাই, আমার উন্নত চিকিৎসা চাই; আমার সন্তান কোলে নিয়ে, বুকে নিয়ে বাঁচতে চাই।’ হাসপাতালের বিছানায় শুয়ে এভাবে বাঁচার আকুতি জানালেন বীথি আক্তার (২৩)। পাঁচ মাস আগে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে সন্তান প্রসবকালে অস্ত্রোপচারের পর তাঁর পেটে গজ রেখে সেলাই দেওয়া হয়। দুই মাস পর দ্বিতীয় অস্ত্রোপচারে ওই গজ কাপড় বের করা আনা হলেও বর্তমানে সংকটাপন্ন এই প্রসূতি।
বীথি আক্তার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জামতলার হাট জ্যোতিনবর্দিপাড়া গ্রামের রাকিবুল ইসলামের স্ত্রী ও ফরিদপুর শহরের একটি নার্সিং কলেজের শিক্ষার্থী। পাশাপাশি ফমেক হাসপাতালে প্রশিক্ষণার্থী হয়ে কাজ করছিলেন। বর্তমানে তিনি হাসপাতালটির চতুর্থ তলায় গাইনি বিভাগে চিকিৎসাধীন।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায়, জীর্ণ শরীরে হাসপাতালের বিছানায় শুয়ে যেন মৃত্যুর প্রহর গুনছেন বীথি আক্তার। তাঁর পাশে মা মনোয়ারা বেগম ও অন্য স্বজনেরা ৷ তাঁরা জানান, ধীরে ধীরে বীথির শরীর কঙ্কালসার হয়ে যাচ্ছে। এ ছাড়া হার্ট ব্লক, উচ্চ রক্তচাপ, শরীরে কাঁপুনিসহ নানা উপসর্গ দেখা দিয়েছে। উন্নত চিকিৎসা না পাওয়ায় প্রতিদিনই স্বাস্থ্যের অবনতি হচ্ছে।
এ সময় হাতজোড় করে বাঁচার আকুতি জানান বীথি আক্তার। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, ‘আমাকে এখান থেকে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। আমার সন্তানটার জন্য বাঁচতে চাই। আমার বাপ-মা ভিক্ষা করে হলেও চিকিৎসা করাবে।’
পরিবারের সদস্যরা জানান, গত ৬ মে ফমেক হাসপাতালে বীথির অস্ত্রোপচার করেন চিকিৎসক তামান্না আক্তার ও ইন্টার্ন চিকিৎসক অরবিন্দু। ওই সময় তিনি পুত্রসন্তানের জন্ম দেন। এর পাঁচ দিন পরে হাসপাতাল ছেড়ে স্বামীর বাড়ি যান বীথি।
এর পর থেকে বীথির শরীরে নানা জটিলতা দেখা দেয়। একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে অস্ত্রোপচারকারী চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক ‘গুরুতর কোনো সমস্যা হয়নি’ বলে তাঁকে বাড়ি পাঠিয়ে দেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে প্রায় দেড় মাস পর দুই দফায় দুটি বেসরকারি হাসপাতাল থেকে করা আল্ট্রাসনোগ্রামে দেখা যায়, তাঁর পেটের মধ্যে গজ রয়েছে।
এরপর গত ১২ জুলাই ফমেক হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয় তাঁকে। এর তিন দিন পর ১৫ জুলাই সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ফজলুল হক শোভন ও সঞ্জয় সাহা দ্বিতীয় দফা অস্ত্রোপচার করে গজ কাপড় বের করে আনেন। তত দিনে তাঁর পেটের নাড়ি পচে সংক্রমণ দেখা দিয়েছে। এরপর অস্ত্রোপচারকারী তামান্না আক্তারকে ডেকে ৪০ হাজার টাকায় আপস করা হয় এবং পরে আইনি ব্যবস্থা না নেওয়ার জন্য জোরপূর্বক চুক্তিপত্রে স্বাক্ষর নেওয়া হয় বলে পরিবারটি অভিযোগ করে। গত ২২ জুলাই বীথিকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
এদিকে পেটের মধ্যে সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় গত ২০ সেপ্টেম্বর আবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন বীথি। ওই দিনেই ফমেক হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময়ে জরুরিভাবে চার দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর চিকিৎসা চলে। এর পর থেকে হাসপাতালটির গাইনি বিভাগে ভর্তি বীথি।
মা মনোয়ারা বেগম বলেন, ‘চিকিৎসা করাতে গিয়ে আমরা দুটি পরিবারই নিঃস্ব হয়ে গেছি। কত নিউজ হলো, কেউ এসে দেখলও না। এখন আর ডাক্তাররাও গুরুত্ব দিচ্ছে না। গতকাল থেকে মেয়ের অবস্থা ভালো না, ভালো চিকিৎসা না পেলে যেকোনো সময় মারা যেতে পারে। স্বাস্থ্যমন্ত্রী ও সরকারের কাছে দাবি জানাই, আমার মেয়েকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করিয়ে দেন, আমার মেয়েকে বাঁচান আপনারা।’
এসব বিষয়ে অস্ত্রোপচারকারী চিকিৎসক তামান্না আক্তারের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন।
এদিকে এ ঘটনায় দুটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান হাসপাতালটির উপপরিচালক (ভারপ্রাপ্ত পরিচালক) মানস কৃষ্ণ কুণ্ডু। যার মধ্যে ছয় সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি ও সুচিকিৎসার জন্য পাঁচ সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
এ ছাড়া মানস কৃষ্ণ কুণ্ডু দাবি করেন, পেটে গজ কাপড় রেখে সেলাই নয়, অস্ত্রোপচারের কারণে সংক্রমণ হয়েছে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জেনেছি, সংক্রমণের কারণে জটিলতা সৃষ্টি হয়ে হার্টে ব্লকসহ বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে।’ তা ছাড়া বীথির শারীরিক অবস্থাও সংকটাপন্ন নয় বলে দাবি করেন তিনি ৷
অপর দিকে দ্বিতীয় অস্ত্রোপচারে গজ কাপড় বের করে আনার বিষয়টিও অস্বীকার করেন ভারপ্রাপ্ত পরিচালক। তিনি বলেন, রোগীর শারীরিক অবস্থা ভালো না থাকায় দ্বিতীয়বার অস্ত্রোপচার করা হয়নি; তখন শুধু একটি বাইপাস সার্জারি করে দেওয়া হয়েছে। রোগীর শারীরিক অবস্থার উন্নতি হলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অস্ত্রোপচার করা হবে।
তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি নাকচ করে বীথির স্বামী রাকিবুল ইসলাম দুটি বেসরকারি হাসপাতালের আল্ট্রাসনোগ্রাম প্রতিবেদন দেখান। তাঁর ভাষ্য, ফরিদপুর নূর বিশেষায়িত হাসপাতাল ও আল জারা বিশেষায়িত হাসপাতালে পৃথকভাবে করা আল্ট্রাসনোগ্রাম প্রতিবেদনে অস্বাভাবিক বস্তু ‘মব’ বা গজের উল্লেখ রয়েছে। দ্বিতীয় অস্ত্রোপচারে তা বের করা হয় এবং সংশ্লিষ্ট এক সেবিকা তাঁকে বিষয়টি জানিয়েছিলেন বলেও দাবি করেন রাকিবুল।

গোপন সংবাদের মাধ্যমে জানা যায়-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলার আসামি কক্সবাজার থেকে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। ওই ফ্লাইটটি শুক্রবার দুপুর দেড়টায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। ফ্লাইটটি নামার পর নাসির
৬ মিনিট আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তাকর্মীকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
৯ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী রেলপথের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দৌলজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
চার ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের হুক ছিঁড়ে ছয়টি বগি বনের ভেতর রেখে অন্য ছয় বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছায়।
২০ মিনিট আগে