ফরিদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে তিন জেলের কারাদণ্ড

ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে তিন জেলেকে আটক করে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করা হয়। গতকাল সোমবার দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেন সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহিল আবরার।
এর আগে তাঁর নেতৃত্বে দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয়ের যৌথ উদ্যোগে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।
অভিযানে আটক জেলেরা হলেন—ঢেউখালী ইউনিয়নের চরবালাশিয়া গ্রামের মজিবর শিকদারের ছেলে রুবেল হোসেন (৩৬), চরনাছিরপুর ইউনিয়নের কাড়ালকান্দি গ্রামের দবির কাড়ালের ছেলে হিরণ কাড়াল (৩৫) এবং হালিম হাওলাদার কান্দি গ্রামের কাশেম খলিফার ছেলে কুদ্দুস খলিফা (৪২)। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
মৎস্য কর্মকর্তা আবদুল্লাহিল আবরার বলেন, মা ইলিশের প্রজনন নিরাপদ রাখতে পদ্মা নদীতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। অভিযানে অবৈধভাবে মা ইলিশ শিকারের সময় তিন জেলেকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা জাল নিয়ম অনুযায়ী পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষা ও প্রজনন নিরাপদ রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।
এর আগে, শনিবার (১৭ অক্টোবর) নুরুল ইসলাম (৪০) নামের এক জেলেকে আটক করে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ওই সময় দেড় মণ ইলিশ ও ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।









