Ajker Patrika

হাসপাতালের ফ্যান-লোহার পাইপ চুরি, যুবকের ৬ মাসের কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ২০: ৫৪
হাসপাতালের ফ্যান-লোহার পাইপ চুরি, যুবকের ৬ মাসের কারাদণ্ড
চুরির ঘটনায় গ্রেপ্তার মো. মান্না শেখ। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় মো. মান্না শেখ (২৭) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্তের পর তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।

আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত শুক্রবার ভোর ৪টার দিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচতলা ভবনের নিচতলায় অবস্থিত একটি অব্যবহৃত কক্ষের তালা ভেঙে ১৫টি সিলিং ফ্যান, লোহার পাইপ, অ্যাঙ্গেলসহ বিভিন্ন মালামাল চুরি হয়। পরদিন শনিবার সকালে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। হাসপাতালে কোনো নৈশপ্রহরী না থাকায় তাৎক্ষণিকভাবে চুরির ঘটনা ধরা পড়েনি। তবে সিসিটিভি ক্যামেরার ফুটেজে মালামাল নিয়ে বের হওয়ার দৃশ্য ধরা পড়ে।

এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান বোয়ালমারী থানার ওসির কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করা হয়।

চুরির ঘটনা প্রকাশ্যে আসার পর মান্না শেখ আত্মগোপনে চলে যান। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বোয়ালমারী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্তের পর গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধার করা মালামালসহ তাঁকে আদালতে পাঠানো হলে আদালত ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানার আদেশ দেন। সাজা দেওয়ার পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত