মধুখালীতে ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, ৯ মাস পর যুবক গ্রেপ্তার

ফরিদপুরের মধুখালীতে নানার বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় করা মামলায় রাজিব মোল্যা (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে বোয়ালমারীর চিতার বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। রাজিব মধুখালী উপজেলার ডুমাইন গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার ১৬ বছর বয়সী ওই কিশোরী মধুখালী উপজেলায় নানার বাড়িতে বেড়াতে আসে। গত ২৫ জানুয়ারি নানার বাড়ির সবাই হাসপাতালে অসুস্থ রোগী দেখতে যান। ওই সময় কিশোরী বাড়িতে একা ছিল।
পুলিশের ভাষ্য, ওই সুযোগে রাজিব মোল্যা ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করেন। কাউকে কিছু বললে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়।
ভয়ে কিশোরী বিষয়টি পরিবারের কাউকে না জানিয়ে বাড়িতে চলে যায়। কিছুদিন পর তার শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষার পর কিশোরী অন্তঃসত্ত্বা বলে জানা যায়।
এ ঘটনায় কিশোরীর বাবা গত ৬ আগস্ট বাদী হয়ে মধুখালী থানায় মামলা করেন। মামলা হওয়ার পর থেকে রাজিব মোল্যা পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে বোয়ালমারী উপজেলার চিতার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় বলেন, কিশোরীকে ধর্ষণের মামলায় রাজিব মোল্যা নামের যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।









