মসজিদে নামাজ পড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

ফরিদপুরের নগরকান্দায় মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় তিনটি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
আজ জুমার নামাজের পর নগরকান্দা পৌরসভার মিরাকান্দা পশ্চিমপাড়া জামে মসজিদ চত্বরে এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার মিরাকান্দা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ওবায়দুর মাতুব্বর ও ইকবাল শেখের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার জুমার নামাজ আদায় করতে দুই পক্ষের লোকজন মিরাকান্দা পশ্চিমপাড়া জামে মসজিদে যান। নামাজ পড়াকে কেন্দ্র করে প্রথমে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
পরে নামাজ শেষে দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় তিনটি বসতবাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মোহাম্মদ আল ফাহাদ বলেন, মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









