Ajker Patrika

আদালত চত্বর থেকে যুবককে তুলে নিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ২০: ৪৯
আদালত চত্বর থেকে যুবককে তুলে নিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ
হাসপাতালে ভর্তি আহত বাচ্চু খাঁ। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরে আদালত চত্বর থেকে মো. বাচ্চু খাঁ (৩২) নামে এক যুবককে তুলে নিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর বাম হাত ও দুই পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন স্বজনেরা।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের লাশকাটা ঘর বস্তি এলাকায় রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ট্রমা সেন্টারে ভর্তি করেন।

আহত বাচ্চু খাঁ শহরের লক্ষ্মীপুর ডগবস্তি এলাকার রিকশাচালক মো. লাবলু খাঁর ছেলে। তিনি পেশায় ডেকোরেটর শ্রমিক।

বাচ্চুর ভাই ও ডেকোরেটর শ্রমিক বাদল খাঁ বলেন, বৃহস্পতিবার সকালে এক বন্ধুর সঙ্গে দেখা করতে আদালতপাড়া এলাকায় যান বাচ্চু। সেখান থেকে ১৫-২০ জনের একটি দল তাঁকে তুলে একটি ইজিবাইকে করে লাশকাটা ঘর বস্তি এলাকায় নিয়ে যায়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর বাম হাত ও দুই পায়ের রগ কেটে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার তথ্য আমার জানা নেই। এ ঘটনায় কেউ থানায় অভিযোগও করেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত