ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ২ লাখের বেশি ভোটে বিজয়ী ধানের শীষ

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন। এ পর্যন্ত ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১৮৩টির ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীক পেয়েছে ২ লাখ ২৪ হাজার ১৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৫ হাজার ৪৫০ ভোট।
আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঠাকুরগাঁও জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
এই উপনির্বাচনে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। পরে একে একে কেন্দ্রগুলো থেকে ফলাফল আসতে শুরু করে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের সদর, রুহিয়া ও ভূল্লী এলাকায় মোট ১৮৫টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩ ও ভূল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে।
এই আসনের উপনির্বাচনে প্রার্থীরা হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) ও বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন ও নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাঁদের মধ্যে পুরুষ ২৪৯ জন ও নারী ৩৮ জন।







-b472b8-256x144.webp)

