ডিসেম্বরে ডেঙ্গু পরিস্থিতি ‘আরও খারাপ’ হতে পারে

ডিসেম্বরে বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি অন্যান্য বছরের তুলনায় ‘আরও খারাপ’ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার। তিনি বলেছেন, বৃষ্টির কারণে আগামী দিনগুলোতে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। একই সঙ্গে শীত মৌসুমে কিউলেক্স মশার বিস্তারও বাড়বে। এ পরিস্থিতি মোকাবিলায় এখন থেকেই মশার প্রজননস্থল ধ্বংস, লার্ভিসাইড প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর নগর ভবন অডিটরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে ড. কবিরুল বাশার এসব কথা বলেন। সেমিনারে বাংলাদেশে ডেঙ্গুর সাম্প্রতিক প্রবণতা, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ, মশার প্রজননস্থল নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় আধুনিক ও বিজ্ঞানভিত্তিক মশক নিয়ন্ত্রণ কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে।
সেমিনারে অধ্যাপক কবিরুল বাশার বলেন, গত দুই দিনের বৃষ্টির কারণে ডেঙ্গু বাড়তে পারে। ডিসেম্বর মাসে এবার ডেঙ্গু পরিস্থিতি অন্যান্য বছরের তুলনায় খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া শীতকালে কিউলেক্স মশার বিস্তার বাড়বে। তাই এখন থেকেই কিউলেক্স মশার প্রজননস্থল পরিষ্কার করে লার্ভিসাইড প্রয়োগ করতে হবে।
মশা নিয়ন্ত্রণে প্রচলিত ধোঁয়া ছিটানোর পদ্ধতির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কবিরুল বাশার বলেন, মশা মারতে যে ধোঁয়া দেওয়া হয়, সেটি কার্যকর পদ্ধতি নয়। এ পদ্ধতি বন্ধ করে লার্ভিসাইড প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম বাড়াতে হবে। একই সঙ্গে মশা নিয়ন্ত্রণে ব্যবহৃত কীটনাশকের কার্যকারিতা যাচাই করা জরুরি। যেসব কীটনাশক কার্যকর নয়, সেগুলোর ব্যবহার বন্ধ করতে হবে।
সিটি করপোরেশনের বিভিন্ন ক্রাশ প্রোগ্রাম ও অভিযান চালানোর পরও ডেঙ্গু কমছে না কেন—এমন প্রশ্ন তুলে তিনি বলেন, সঠিক জায়গায় সঠিক পদ্ধতিতে এডিস মশা নিয়ন্ত্রণ করা হচ্ছে না। এ কারণে ডেঙ্গুর প্রকোপ কমছে না। শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, মশার প্রজননস্থল চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সমান দায়িত্ব রয়েছে। এ ক্ষেত্রে সিটি করপোরেশনের ৫০ শতাংশ এবং নাগরিকদের ৫০ শতাংশ দায়িত্ব পালন করতে হবে। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।
ডিএসসিসির প্রশাসক বলেন, দায়িত্ব গ্রহণের পর গত মার্চে ডেঙ্গুর ঝুঁকি নিরূপণে জরিপ করা হয়। জরিপে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ওয়ার্ডগুলোতে বিশেষ কার্যক্রম নেওয়ার পর অক্টোবরে করা জরিপে পরিস্থিতির উন্নতি দেখা গেছে। তবে নতুন কিছু ওয়ার্ডে ঝুঁকি তৈরি হয়েছে।
নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, শুধু সিটি করপোরেশনের প্রচার প্রচারণার ওপর নির্ভর করলে হবে না। প্রত্যেককে নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান। এতে সভাপতিত্ব করেন জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. হামিদা খানম।
এ ছাড়া আলোচনা করেন আইসিডিডিআরবি’র জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিউল আলম এবং স্বাস্থ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ কীটতত্ত্ববিদ (পিআরএল) মো. রেজাউল করিম খান।
অনুষ্ঠানে ডিএসসিসির সচিব মো. মশিউর রহমান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









