ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ঢাকা ব্যাংক কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড

ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের দায়ে ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ক্যাশ ইন-চার্জ (সিনিয়র অফিসার) মো. রিফাতুল হককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডের পাশাপাশি আত্মসাৎ করা পুরো অর্থসহ অতিরিক্ত ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অপরাধজনক বিশ্বাসভঙ্গের দায়ে আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে; যা অনাদায়ে তাঁকে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। জরিমানার এই সম্পূর্ণ অর্থ ঢাকা ব্যাংক লিমিটেডকে ক্ষতিপূরণ হিসেবে প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত।
এ ছাড়া প্রতারণার দায়ে তাঁকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দুর্নীতি প্রতিরোধ আইনে অপরাধমূলক অসদাচরণের দায়ে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড) দেওয়া হয়েছে।
রায়ে আদালত উল্লেখ করেছেন, আসামির মূল কারাদণ্ডগুলো একটির পর একটি কার্যকর হবে। ফলে তাঁকে মোট ২০ বছর কারাভোগ করতে হবে।
তবে মামলার তদন্ত ও বিচার চলাকালে আসামি ইতিমধ্যে যে সময়টুকু হাজতবাস করেছেন, তা তার মোট সাজার মেয়াদ থেকে বাদ যাবে।
রায় ঘোষণার পর সাজা পরোয়ানাসহ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৭ জুন ব্যাংকের অভ্যন্তরীণ অডিটের সময় বংশাল শাখার ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা গায়েব হওয়ার বিষয়টি ধরা পড়ে। ঘটনার পরপরই ব্যাংক কর্তৃপক্ষ ক্যাশ ইন-চার্জ রিফাতুল হক এবং অপারেশন ম্যানেজার ইমরান আহমেদকে পুলিশে সোপর্দ করে। পরবর্তী সময়ে ২০২১ সালের ১৯ জুন দুর্নীতি দমন কমিশন (দুদক) এই অর্থ আত্মসাতের ঘটনায় মামলা করে।
দুদক তদন্ত শেষে ব্যাংক কর্মকর্তা রিফাতুল হকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।









