প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্যের নিন্দা মহিলা পরিষদের

নারীর কর্মজীবন নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি বলেছে, একজন জনপ্রতিনিধি ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তির এ ধরনের বক্তব্য অসাংবিধানিক, দায়িত্বহীন এবং নারীর সাংবিধানিক ও অর্থনৈতিক অধিকারের পরিপন্থী।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি এক অনুষ্ঠানে নারীর কর্মজীবন নিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতিবাচক ও পশ্চাৎমুখী বক্তব্যে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করছে বাংলাদেশ মহিলা পরিষদ। নীতিনির্ধারণী পর্যায়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন প্রতিমন্ত্রীর এমন বক্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
১০ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মীর শাহে আলম বলেন, ‘স্বামী-স্ত্রী দুইজন চাকরি করুক, এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। কেন করি না? এটা হয় কি, এর প্রভাবটা গিয়ে পড়ে সন্তানদের ওপর।’
মহিলা পরিষদ মনে করে, এ বক্তব্য নারীর সমতা প্রতিষ্ঠা এবং অধিকার সুরক্ষার ক্ষেত্রে আশঙ্কা তৈরি করে। সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের বক্তব্য নারীর সাংবিধানিক অধিকার, অর্থনৈতিক অধিকার এবং নাগরিক হিসেবে সমান মর্যাদার পরিপন্থী। সংবিধানের সঙ্গে অসংগতিপূর্ণ ও দায়িত্বহীন বক্তব্যের মধ্য দিয়ে তিনি তাঁর সাংবিধানিক শপথ ভঙ্গ করেছেন।









