
ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র মো. হাবিবুল হাসান অন্তর হত্যা মামলায় তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী মো. মাইনুদ্দিন। এ মামলায় এখন পর্যন্ত মোট ৫ জন আসামি কারাগারে গেলেন বলেও জানান তিনি।
যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন—মনছুর, আশিক ও শাহিন হোসেন। তিনজন সাভারের আকরাইন ও খাগান গ্রামের বাসিন্দা।
সকালে তিন আসামি আইনজীবীদের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। দুপুর আড়াইটার সময় জামিন আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিদের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী সৈয়দ রেজাউর রহমান। বাদীপক্ষে জামিনের বিরোধিতা করে শুনানি করেন অ্যাডভোকেট সীমা আক্তার, সেঁজুতি ঘোষ, মো. মাইনুদ্দীন, গাজী হাসান মাহমুদ, কাজল রায় প্রমুখ।
এর আগে তিনজন হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে হাইকোর্ট তিনজনকে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
মামলা সূত্রে ঘটনার বিবরণে জানা যায়, গত বছর ২৭ অক্টোবর সন্ধ্যা সাতটার দিকে সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশে খাগান বাজারের লেগুনা স্ট্যান্ড থেকে হাসিবুল হাসান অন্তরকে স্থানীয় দুর্বৃত্তরা ধরে নিয়ে যায়। খাগান গ্রামের বউবাজারের পাশে একটি বাগানে নিয়ে তার হাত-পা বেঁধে লোহার রড ও লাঠি সোঁটা দিয়ে বেধড়ক পেটানো হয়। অন্তরকে গুরুতর আহত অবস্থায় বাগানের মধ্যে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা অন্তরকে উদ্ধার করে প্রথমে পাশের রাজু হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। গ্রাম থেকে অন্তরের অভিভাবকেরা এসে তাকে ২ নভেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই দিন বিকেল ৩টার সময় অন্তর মারা যান।
অন্তরের মৃত্যুর খবর ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পৌঁছানোর পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকায় এলাকায় ব্যাপক বিক্ষোভ করে। ওই বিক্ষোভে ব্যাপক ভাঙচুর হয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আশপাশে সংঘর্ষ হয়। এক সময় বিশ্ববিদ্যালয় বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
এ দিকে গত বছর দুই নভেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহকারী অধ্যাপক ও ডেপুটি প্রক্টর মো. বদরুজ্জামান বাদী হয়ে সাভার থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় স্থানীয় রাহাত সরকার, মনছুর, আশিক, শাহিন, টুটুল ও সিফাত এবং ৭-৮ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়।
রাহাত সরকারকে মামলা দায়েরের দিন গ্রেপ্তার করা হয়। আসামি টুটুল গত ২৭ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। আজকের তিনজনকে কারাগারে পাঠানোর মাধ্যমে এ মামলায় মোট পাঁচজন আসামিকে কারাগারে পাঠানো হলো।

সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাফর আহমদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা জরিমানা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার পথে চলন্ত ট্রেনে অজ্ঞাত ব্যক্তির ছোড়া পাথরে ডান চোখ হারিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সাব্বির হোসেন (২২)। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি আর ফেরার সম্ভাবনা নেই। মাথাতেও গুরুতর আঘাত পেয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
বৈরী আবহাওয়া ও অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চার ইউনিয়নের প্রায় ৮০০ মিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক স্থানে বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। দ্রুত মেরামত করা না হলে বর্ষার শেষ দিকে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা স্পিডবোট ঘাট থেকে দুটি স্পিডবোটের ইঞ্জিন লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘাটের এক প্রহরীকে হাত-পা বেঁধে ফেলে রেখে যায় তারা। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে