Ajker Patrika

কাপড়ের বাজার: ইসলামপুরের পাইকারি কেনাকাটাও অনলাইনে

• শাড়ি, থ্রি-পিস, থান কাপড় সরাসরি কিনতে আসছেন কম ব্যবসায়ী।

• পণ্যের ছবি ও ভিডিও পাঠিয়ে এবং ভিডিও কলে বিক্রি হচ্ছে।

• টাকা পরিশোধও ব্যাংক, মোবাইল ব্যাংকিংয়ে।

সোহানুর রহমান, জবি
কাপড়ের বাজার: ইসলামপুরের পাইকারি কেনাকাটাও অনলাইনে
ইসলামপুরের একটি দোকানে মোবাইলে কাপড়ের ভিডিও ধারণ করছেন এক কর্মী। এই ভিডিও পাঠিয়ে দূরের ক্রেতাদের কাছ থেকে নেওয়া হয় অর্ডার। গতকাল রাজধানীর পুরান ঢাকায়। ছবি: আজকের পত্রিকা

সরু রাস্তার দুই পাশে সারি সারি কাপড়ের দোকান। কোথাও শাড়ি, কোথাও থ্রি-পিস, আবার কোথাও থান কাপড়ের স্তূপ। একসময় ক্রেতা, বিক্রেতা আর পণ্য পরিবহনের ব্যস্ততায় দিনভর সরগরম থাকত পুরান ঢাকার ইসলামপুরের পাইকারি এই কাপড়ের বাজার। দেশের বিভিন্ন জেলা থেকে খুচরা বিক্রেতারা এখানে আসেন পণ্য সংগ্রহ করতে।

তবে সময়ের সঙ্গে বদলে গেছে ঐতিহ্যবাহী এই বাজারের ব্যবসার ধরন। অনলাইন যোগাযোগ, ভিডিও কল ও কুরিয়ার সেবার বিস্তারে এখন বিভিন্ন প্রান্তের ক্রেতাদের আর সরাসরি ইসলামপুরে আসতে হয় না। ফোন ও অনলাইনে পণ্য দেখিয়ে অর্ডার নিচ্ছেন ইসলামপুরের পাইকারি ব্যবসায়ীরা।

প্রায় ২৫৩ বছরের ঐতিহ্যবাহী এই বাজারে একসময় উৎসবের মৌসুমে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যেত। এখন অনেক ব্যবসায়ী মোবাইল ফোনে পণ্যের ছবি ও ভিডিও পাঠিয়ে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। কেউ ভিডিও কলে সরাসরি কাপড় দেখাচ্ছেন, কেউ আবার দোকানে বসে পণ্যের ভিডিও ধারণ করে বিভিন্ন জেলার ব্যবসায়ীদের পাঠাচ্ছেন। ক্রেতারা পছন্দ করলে দরদাম শেষে অর্ডার নিশ্চিত হচ্ছে। পরে কুরিয়ার ও পার্সেল সেবায় পণ্য পৌঁছে যাচ্ছে তাঁদের ঠিকানায়।

সম্প্রতি ইসলামপুরের ওহাব এন্টারপ্রাইজে গিয়ে দেখা যায়, কর্মচারী আশিক আহমেদ ক্রেতার সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। ফোনের ক্যামেরায় একের পর এক কাপড় দেখাচ্ছেন তিনি। অপর প্রান্তে থাকা ক্রেতা কাপড়ের রং, নকশা ও দাম জেনে নিচ্ছেন পরে অর্ডার করার জন্য।

খাদিজা মনি থ্রি-পিস সেন্টারে গিয়ে দেখা যায়, সেখানকার কর্মী আলামীন বিভিন্ন কাপড়ের ভিডিও ধারণ করছেন। সেগুলো হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে দূরের ক্রেতাদের পাঠাবেন। ক্রেতারা ভিডিও দেখে পছন্দ জানালে দরদাম শেষে অর্ডার নেবেন তিনি।

এভাবে সরাসরি বাজারে না এসেও ইসলামপুরের ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য সম্পর্কে জানতে ও অর্ডার দিতে পারছেন বিভিন্ন জেলার খুচরা ব্যবসায়ীরা। এতে বারবার ঢাকায় আসার যাতায়াত খরচ ও সময় বাঁচছে তাঁদের। বিশেষ করে ইসলামপুরের যানজট ও বাজারের ভেতরে চলাচলের ভোগান্তি এড়াতে দূরের অনেক ব্যবসায়ী এই পদ্ধতিতে পণ্য সংগ্রহ করছেন।

প্রায় ৩০ বছর ধরে জুতা ও চামড়াজাত পণ্যের পাইকারি ব্যবসা করছেন ব্যবসায়ী মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘আগে উৎসবের মৌসুমে দোকানে ক্রেতাদের প্রচুর ভিড় হতো। এখন অনেক ব্যবসায়ী ফোনে পণ্যের নমুনা দেখে অর্ডার দেন। ফলে আগের মতো সবাইকে সরাসরি বাজারে আসতে হয় না।’

ওহাব এন্টারপ্রাইজের কর্মচারী আশিক আহমেদ বলেন, ‘আগে ঢাকার বাইরের ব্যবসায়ীরা পণ্য কিনতে এসে কয়েক দিন থাকতেন। এখন মোবাইলে ছবি ও ভিডিও দেখে পছন্দের পণ্য অর্ডার করেন। আমরা কুরিয়ারে তাঁদের কাছে পণ্য পাঠিয়ে দিই। এতে সময় বাঁচে, কেনাকাটাও সহজ হয়।’

ইসলামপুরে ব্যবসায়ীদের সরাসরি আসা কমার আরেকটি কারণ উল্লেখ করেন গুলশান আরা সিটির ব্যবসায়ী সাইফুল আলম। তাঁর ভাষ্য, ইসলামপুরে এখনো বিভিন্ন ধরনের কাপড়ের বড় সংগ্রহ রয়েছে। তবে দেশের বিভিন্ন জেলায় পাইকারি বাজার গড়ে ওঠায় ব্যবসায়ীদের পণ্য সংগ্রহের বিকল্প বেড়েছে। ফলে কেউ সরাসরি ইসলামপুরে আসছেন, আবার কেউ নিজ এলাকার বাজার থেকে পণ্য কিনছেন।

খাদিজা মনি থ্রি-পিস সেন্টারের আলামীন বলেন, ‘শুধু দোকানে বসে থাকলে এখন ক্রেতা পাওয়া কঠিন। ফেসবুক, লাইভ ভিডিও ও অনলাইন যোগাযোগের মাধ্যমে পণ্য দেখাতে হয়। ক্রেতারা পছন্দ করলে অর্ডার করেন। পরে কুরিয়ারে পণ্য পাঠিয়ে দিই।’

কমছে সময় ও যাতায়াতের খরচ

অনলাইনে পণ্য দেখানো ও অর্ডার নেওয়ার ফলে দূরবর্তী জেলার ব্যবসায়ীদের বারবার ঢাকায় আসার প্রয়োজন কমছে। আগে পণ্য বাছাই, দরদাম ও পরিবহনের ব্যবস্থা করতে তাঁদের ইসলামপুরে আসতে হতো। কয়েক দিন অবস্থান করার পাশাপাশি যাতায়াত ও থাকা-খাওয়ার খরচও বহন করতে হতো। সঙ্গে নগদ অর্থ বহনের ঝুঁকিও ছিল।

এখন মোবাইল ফোনে পণ্যের ছবি ও ভিডিও দেখা কিংবা ভিডিও কলে সরাসরি কাপড় যাচাই করে অর্ডার দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিকাশ বা ব্যাংকের মাধ্যমে মূল্য পরিশোধের পর বিক্রেতারা কুরিয়ারে পণ্য পাঠিয়ে দিচ্ছেন। তবে নতুন বিক্রেতার কাছ থেকে পণ্য কেনা কিংবা বড় অর্ডারের ক্ষেত্রে সরাসরি এসে পণ্যের মান যাচাইয়ের গুরুত্ব এখনো রয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

পাইকারি ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, ‘আগে দূরের ক্রেতাদের পণ্য কিনতে ঢাকায় আসতে হতো। এখন ফোনেই পণ্য দেখিয়ে অর্ডার নেওয়া যায়। টাকা পাওয়ার পর কুরিয়ারে পণ্য পাঠিয়ে দিই। এতে ক্রেতাদের সময় ও যাতায়াতের খরচ কমছে।’

যানজটও অন্যতম কারণ

যশোরের ব্যবসায়ী আশরাফ হোসেন বলেন, ‘ইসলামপুরে পণ্য কিনতে গেলে সদরঘাট, রায়সাহেব বাজার ও গুলিস্তানের দিকের যানজটে অনেক সময় আটকে থাকতে হয়। বাজারে পৌঁছাতেই অনেক সময় চলে যায়। আবার কেনাকাটা শেষে পণ্য নিয়ে ফিরতেও ভোগান্তি হয়। এ কারণে প্রয়োজন ছাড়া এখন ঢাকায় যেতে চাই না। ছোট অর্ডারের ক্ষেত্রে ফোনে যোগাযোগ করে পণ্য নেওয়ার চেষ্টা করি।’

তবে নড়াইলের ব্যবসায়ী বরকত মোল্লা এখনো সরাসরি ইসলামপুরে এসে পণ্য কেনার পক্ষে। তিনি বলেন, ‘এক জায়গায় অনেক ধরনের কাপড় পাওয়া যায়। সরাসরি দেখে মান যাচাই করা যায়, আবার দামাদামির সুযোগও থাকে। তাই বড় অর্ডারের জন্য এখনো ইসলামপুরে যাই।’

ইসলামপুরে বর্তমানে ছোট-বড় মিলিয়ে কয়েক হাজার দোকান রয়েছে। ব্যবসায়ীদের হিসাবে, বছরে আনুমানিক ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকার লেনদেন হয় এই বাজারে। দুই ঈদের আগে এই বাজার সবচেয়ে বেশি প্রাণ ফিরে পায়। তখন ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত