Ajker Patrika

ঢাবিতে মুক্তিযুদ্ধের বন্ধু মালরোর নতুন স্মৃতিফলক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাবিতে মুক্তিযুদ্ধের বন্ধু মালরোর নতুন স্মৃতিফলক
ঢাবি ফলক। ছবি: সংগৃহীত

বাংলাদেশে অবস্থিত ফরাসি দূতাবাস এবং ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার যৌথ উদ্যোগে আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঁদ্রে মালরো উদ্যানে খ্যাতিমান এই ফরাসি বুদ্ধিজীবীর নতুন স্মৃতিফলক উন্মোচিত হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিত এই বিদেশিকে নিয়ে একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আগে থেকেই একটি স্মারক ফলক ছিল। আজ ২৩ নভেম্বর আঁদ্রে মালরোর ৫০ তম মৃত্যুবার্ষিকী। দিনটি স্মরণে ঢাকায় ফ্রান্স দূতাবাসের ‘ফরাসি সপ্তাহ’ উদ্যাপনের প্রেক্ষাপটে নতুন স্থাপনাটি নির্মিত হলো।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এ আয়োজনের মধ্য দিয়ে খ্যাতিমান ফরাসি লেখক ও চিন্তাবিদ মালরোর (১৯০১–১৯৭৬) জীবন ও কর্মকে স্মরণ করা হয়। তিনি ছিলেন ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা আলিয়ঁস ফ্রঁসেজের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠান আঁদ্রে মালরো উদ্যানের সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও ধারাবাহিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার করেছে। পাশাপাশি, ভবিষ্যতে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রেও এই সমঝোতা একটি সহযোগিতামূলক কাঠামো তৈরি করবে।

স্পেনের গৃহযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্সের হয়ে সম্মুখ লড়াইয়ে অংশ নেওয়া মালরো মুক্তিযুদ্ধ চলাকালে প্রকাশ্যে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেন। তিনি মুক্তিযুদ্ধে সহায়তার জন্য একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক বাহিনীর নেতৃত্ব দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। সরকারের আমন্ত্রণে ১৯৭৩ সালের এপ্রিলে তিনি সদ্য স্বাধীন বাংলাদেশ সফর করেন এবং শিক্ষার্থী, শিক্ষাবিদ ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁর ওই সফরের অন্যতম স্মরণীয় ঘটনা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া ভাষণ। সেখানে তিনি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শিক্ষক, শিক্ষার্থী ও বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দিয়েছিল। মালরোর এ সফর বাংলাদেশ ও ফ্রান্সের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক বিনিময়ের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত।

মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও সমর্থনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার যেসব বিশিষ্ট বিদেশিকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ (বিদেশি বন্ধু সম্মাননা) দিয়েছে, মালরো তাঁদের অন্যতম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে, ঢাবি উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক ফ্রাঁসোয়া শঁবোঁ। এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশ-ফ্রান্স সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত