Ajker Patrika

জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু

নিজস্ব প্রতিবেদক
জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু

রাজধানীর জলাবদ্ধতা নিরসন, খালের স্বাভাবিক পানিপ্রবাহ সচল রাখা, ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ সোমবার দুপুরে রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

প্রকল্পের আওতায় দক্ষিণ কুতুবখালী খালের ধোলাইপাড় (গোলাপবাগ সংলগ্ন) থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী অংশ পর্যন্ত এবং উত্তর কুতুবখালী খালের মহাসড়ক থেকে শনির আখড়া আন্ডারপাস পর্যন্ত মোট ১ দশমিক ৯৭৫ কিলোমিটার খাল পরিষ্কার ও পুনঃখনন করা হবে। আগামী দুই মাসের মধ্যে খালটি থেকে প্রায় ১১ হাজার ১৪৫ ঘনমিটার বর্জ্য ও পলি অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ডিএসসিসি। পাশাপাশি খালের দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএসসিসির ৫০ ও ৬২ নম্বর ওয়ার্ডের আওতাধীন এ কার্যক্রম বাস্তবায়িত হলে এলাকার প্রায় ১৫ লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন বলে জানিয়েছে সংস্থাটি। এর ফলে খালের পানিপ্রবাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা কমবে এবং মশার প্রজননস্থল ধ্বংস হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বলেন, রাজধানীর পানি নিষ্কাশনের অন্যতম প্রধান মাধ্যম কুতুবখালী খাল। এর আগে একাধিকবার খালটি পরিষ্কার করা হলেও পলিথিন ও ময়লা-আবর্জনা ফেলার কারণে আবারও ভরাট হয়ে যাচ্ছে। জনগণ সচেতন না হলে শুধু সিটি করপোরেশনের পক্ষে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

প্রশাসক বলেন, খাল পরিষ্কার ও পুনঃখননের পর যাতে কেউ সেখানে পলিথিন ও আবর্জনা না ফেলে এবং খালের জায়গা দখল করে দোকানপাট গড়ে না তোলে, সে বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন হতে হবে। এ জন্য এলাকাভিত্তিক সামাজিক প্রতিরোধ ও নাগরিক দায়িত্ববোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, পরনির্ভরশীলতা নয়, নিজেদের সক্ষমতায় দেশ গড়ে তুলতে হবে। এ জন্য সরকারকে সহযোগিতা করতে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

বিরোধী দলের নেতাকর্মীদের উদ্দেশে ডিএসসিসি প্রশাসক বলেন, দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে ড্রেন ও খাল পরিষ্কারের কাজে অংশ নিতে হবে। নগরবাসীকে ডেঙ্গুর ঝুঁকি থেকে রক্ষায় এ ধরনের জনকল্যাণমূলক কাজে কোনো বাধা নেই। এ কাজে সিটি করপোরেশন সব সময় সবার পাশে থাকবে।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ২২টি ছোট-বড় খাল পুনরুদ্ধার, পুনঃখনন ও পরিষ্কারের বিশেষ কর্মসূচি গত ১৬ নভেম্বর শুরু হয়েছে। এর অংশ হিসেবে ১৬ নভেম্বর কোনাপাড়া-কদমতলা খাল এবং ১৮ নভেম্বর ডগাইর-বামৈল খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত