
ঢাকার আশুলিয়ায় স্বামী-স্ত্রী ও তাঁদের সন্তানের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার রাতে গাজীপুরের শফিপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-৪-এর একটি দল। গ্রেপ্তার দুজন হলেন কথিত কবিরাজ সাগর আলী (৩১) ও তাঁর স্ত্রী ইশিতা বেগম (২৫)।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
সাভারের আশুলিয়ার জামগড়ায় বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে গত শনিবার মুক্তার হোসেন বাবুল (৪৮), তাঁর স্ত্রী শাহিদা বেগম (৩৫) ও তাঁদের ছেলে মেহেদী হাসান জয়ের (১২) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত তিনজনের গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নের গরুড়া (ফুলবাড়ী) গ্রামে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে খন্দকার আল মঈন বলেন, ঘটনার দিন ভুক্তভোগী গৃহকর্তা ও তাঁর পরিবারের সদস্যদের চিকিৎসা দেওয়ার কথা বলে তাঁদের বাসায় যান সাগর-ইশিতা দম্পতি। চিকিৎসার জন্য ভুক্তভোগী পরিবারের সঙ্গে এই দম্পতির ৯০ হাজার টাকা চুক্তি হয়। চিকিৎসার কথা বলে বাসায় গিয়ে ইসবগুলের শরবতের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ানো হয় নিহতদের। এরপর একে একে তিনজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।
কমান্ডার মঈন বলেন, নিহত মুক্তার হোসেন ও তাঁর স্ত্রী শাহিদা বেগম আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাঁর সন্তান মেহেদী হাসান জয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী। গত ৩০ সেপ্টেম্বর সাভারের আশুলিয়া জামগড়া এলাকায় বহুতল ভবনের ৪র্থ তলার একটি ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ভবনের অন্য ভাড়াটিয়ারা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। পরে ফ্ল্যাট থেকে মুক্তার, তাঁর স্ত্রী শাহিদা ও তাঁদের ১২ বছরের শিশু সন্তান মেহেদীর অর্ধগলিত গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। নৃশংস এ হত্যাকাণ্ডের পরের দিন রোববার আশুলিয়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন মুক্তারের চাচাতো ভাই।
র্যাব জানায়, গ্রেপ্তার সাগর টাঙ্গাইলের মোবারক ওরফে মোগবর আলীর ছেলে। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে বাবুলের কাছ থেকে নেওয়া আংটি উদ্ধার করা হয়।
কমান্ডার মঈন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দম্পতি র্যাবকে জানিয়েছে, প্রথমে অর্থের লোভে ও পরে কাঙ্ক্ষিত অর্থ না পেয়ে ক্ষোভ থেকে তাঁদের হত্যা করা হয়।
ঘটনার বিবরণ দিয়ে র্যাব মুখপাত্র যা বললেন
গত ২৮ সেপ্টেম্বর গ্রেপ্তার সাগর সাভার বারইপাড়া এলাকার একটা চায়ের দোকানে চা খাওয়ার সময় মুক্তারকে পাশের একটি কবিরাজি ও ভেষজ ওষুধের দোকানে তাঁর শারীরিক সমস্যার বিষয়ে চিকিৎসা নিয়ে কথা বলতে দেখেন। সাগর জানতে পারেন, মুক্তার ওই দোকানে ভেষজ ও কবিরাজি চিকিৎসা বাবদ ১৫-২০ হাজার টাকা খরচ করেও কোনো ফলাফল পাননি।
সাগর কৌশলে মুক্তারকে ডেকে নিয়ে আলাপচারিতায় ভেষজ ও কবিরাজি চিকিৎসার প্রতি তাঁর আগ্রহ ও আস্থার কথা জানতে পারেন। মুক্তার তাঁর ও তাঁর পরিবারের বেশ কিছু শারীরিক সমস্যার কথাও সাগরকে জানান।
সাগর মুক্তারকে জানান, তাঁর স্ত্রী একজন ভালো কবিরাজ এবং তিনি মুক্তারের সমস্যার সমাধান করে দেবেন। একপর্যায়ে মুক্তারের সঙ্গে ৯০ হাজার টাকার চুক্তি করেন সাগর। তখন সাগর তাঁর স্ত্রীকে নিয়ে ২৯ সেপ্টেম্বর সকালে ওষুধসহ মুক্তারের বাসায় গিয়ে চিকিৎসা করবেন বলে জানান। যোগাযোগের জন্য মুক্তারকে সাগর নিজের নম্বর না দিয়ে এক আত্মীয়ের মোবাইল নম্বর দেন।
বাসায় গিয়ে সাগর তাঁর স্ত্রী ইশিতাকে পুরো ঘটনা ও পরিকল্পনার কথা জানান। বিপুল অঙ্কের অর্থ পাওয়ার আশায় রাজি হন সাগরের স্ত্রী।
তাঁরা পরিকল্পনা করেন ভুক্তভোগী মুক্তারের বাসায় গিয়ে ভেষজ ও কবিরাজি চিকিৎসার কথা বলে তাঁর পরিবারের সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে তাঁদের অর্থসহ মূল্যবান সামগ্রী লুট করবেন। পরিকল্পনা অনুযায়ী সাগর গাজীপুরের মৌচাক এলাকার একটি ফার্মেসি থেকে এক বাক্স ঘুমের ওষুধ কেনেন।
২৯ সেপ্টেম্বর সকালে গ্রেপ্তার সাগর ও তাঁর স্ত্রী গাজীপুরের মৌচাক থেকে মুক্তারের জামগড়ার বাসায় যান। সেখানে প্রাথমিক পরিচয়ের পর গ্রেপ্তার সাগরের স্ত্রী ইশিতা তাঁদের সমস্যার কথা শোনেন এবং ইসবগুলের শরবতের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে তাঁদের ভেষজ ও কবিরাজি চিকিৎসার ওষুধ বলে খাওয়ান।
মুক্তার, তাঁর স্ত্রী ও ছেলে ঘুমের ওষুধের প্রভাবে ঘুমিয়ে পড়লে সাগর ও তাঁর স্ত্রী মিলে প্রথমে মুক্তারের কক্ষে গিয়ে মুক্তারের হাত ও পা বাঁধেন, পরে মুক্তারের স্ত্রীর হাত-পা বাঁধেন।
তাঁরা মুক্তারের মানিব্যাগ, তাঁর স্ত্রীর পার্স ও বাসার অন্য স্থানে অর্থ ও মূল্যবান সামগ্রীর জন্য তল্লাশি করে মাত্র পাঁচ হাজার টাকা পান। এতে ক্ষিপ্ত হয়ে বটি দিয়ে প্রথমে মুক্তারের গলায় উপর্যুপরি কোপ দিয়ে হত্যা করেন সাগর। পরে অন্য কক্ষে গিয়ে ছেলে ও স্ত্রীকে একই বটি দিয়ে পর্যায়ক্রমে কুপিয়ে হত্যা করেন। পালানোর আগে তাঁরা মুক্তারের হাতে থাকা আংটি খুলে নিয়ে যান।
হত্যাকাণ্ডের পর তাঁরা ভিন্ন পথে গাজীপুরের মৌচাকে চলে যান। হত্যাকাণ্ডের ঘটনা গণমাধ্যমে প্রচারের পর তাঁরা আত্মগোপনে চলে যান।
আগেও চারজনকে গলা কেটে হত্যা করেছেন সাগর
গ্রেপ্তার সাগর সম্পর্কে কমান্ডার মঈন বলেন, সাগর মাদকাসক্ত এবং বিভিন্ন পেশার আড়ালে চুরি ও ছিনতাই করতেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। ২০২০ সালে টাঙ্গাইলের মধুপুরে ২০০ টাকার জন্য একই পরিবারের চারজনকে চেতনানাশক ওষুধ খাইয়ে একই কায়দায় গলা কেটে হত্যায় অভিযুক্ত সাগর।
ওই হত্যাকাণ্ডের ঘটনায় সাগর গ্রেপ্তার হয়ে সাড়ে তিন বছর কারাভোগ করে ২০২৩ সালের জুন মাসে জামিন পান। জামিনের পর গাজীপুরের মৌচাক এলাকায় তাঁর শ্বশুরের ভাড়া বাসায় কিছুদিন অবস্থান করেন।
দীর্ঘদিন জেলহাজতে থাকায় তাঁর আর্থিক অবস্থা খারাপ হয়। তিনি রাজমিস্ত্রি, কৃষি শ্রমিকসহ বিভিন্ন পেশার আড়ালে ঢাকা, সিলেট ও টাঙ্গাইলে অবস্থান করে সুযোগ বুঝে চুরি ও ছিনতাই করতেন। গ্রেপ্তার দম্পতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা।

নকলা ও নালিতাবাড়ী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-২ আসনে এবার সংসদ সদস্য প্রার্থীদের জয়-পরাজয় নির্ধারণের অন্যতম ফ্যাক্টর হয়ে উঠেছে ‘অঞ্চলপ্রীতি’। আসনটিতে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর তিনজনই নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা। আর ধানের শীষের প্রার্থীর বাড়ি নকলায়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জোটের প্রার্থী রশীদ আহমাদ। তিনি জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের যুগ্ম মহাসচিব। তবে বিএনপি মনোনীত প্রার্থী রশীদ আহমাদকে হারাতে এককাট্টা হয়েছেন যশোর জেলা ও মনিরামপুর উপজেলা বিএনপির নেতারা।
১ ঘণ্টা আগে
শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের প্রচার। এবার প্রতীক্ষা বহুকাঙ্ক্ষিত ভোটের দিনের। উৎসবের এ আমেজের মধ্যে বরিশাল-৬ আসনে পেশিশক্তি ব্যবহার হওয়ার আশঙ্কা করছেন কয়েক প্রার্থী। একই অভিযোগ বরিশাল-৫ আসনেও রয়েছে। এদিকে বরিশাল-১ আসনে এবার ভোটের প্রচারে সন্ত্রাসীদের উপস্থিতি লক্ষ করা গেছে।
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ ও জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রংপুর-২ (বদরগঞ্জ- তারাগঞ্জ) আসনটি জিতে নিতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। তবে আসনটি পুনরুদ্ধারে জাতীয় পার্টিও কোমর বেঁধে মাঠে নেমেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নেওয়ায় দলটির সমর্থিত ভোট নিজেদের দিকে টানার চেষ্টা চালা
১ ঘণ্টা আগে