Ajker Patrika

রাজধানীতে মধ্যরাতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, ২ কর্মী জখম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে মধ্যরাতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, ২ কর্মী জখম
প্রতীকী ছবি

রাজধানীর ওয়ারী এলাকায় একটি আবাসিক হোটেলে ঢুকে নাঈমুর রহমান (২৬) নামে এক ব্যবস্থাপককে (ম্যানেজার) কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে হোটেলের মহাব্যবস্থাপকসহ (জেনারেল ম্যানেজার) আরও দুই কর্মী গুরুতর আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ওয়ারীর জয়কালী মন্দির সংলগ্ন ‘ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে’ এই হামলার ঘটনা ঘটে।

নাঈমুর রহমান রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার পূর্ব উজানচড় গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি ওই হোটেলেই বসবাস করতেন।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আলআমিন মিয়া জানান, রাত আনুমানিক ২টার দিকে দেশীয় অস্ত্র হাতে দুজন ব্যক্তি ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে প্রবেশ করে এবং নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

তাঁর চিৎকার শুনে হোটেলের মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মচারী মো. হাসান (২৬) এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

এসআই আলআমিন মিয়া বলেন, ‘আহত তিনজনকে উদ্ধার করে ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, পূর্বশত্রুতার জেরে এক মুরগি ব্যবসায়ী ও তাঁর ছেলে হোটেলে ঢুকে এই হামলা চালিয়েছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। ঘটনাটির বিস্তারিত কারণ উদ্ঘাটন এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলায় আহত মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম হয়েছে এবং কর্মচারী মো. হাসানের পেটে ছুরিকাঘাত লেগেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাঈমুর রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত