ঢামেকে এনআইসিইউ না পেয়ে বেসরকারিতে, ইনকিউবেটরের আগুনে নবজাতকের মৃত্যু

রাজধানীর চানখাঁরপুলে একটি বেসরকারি হাসপাতালের ইনকিউবেটরে আগুনে দগ্ধ হয়ে পাঁচ দিন বয়সী এক নবজাতক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
আজ বুধবার বিকেলের দিকে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে শিশুটির মৃত্যু হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান। তিনি জানান, বিকেলের দিকে নবজাতকটি মারা গেছে। পরিবারের অভিযোগ থাকায় নবজাতকের মরদেহ মর্গে রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ময়নাতদন্ত হবে।
নিহত নবজাতকের বাবা গোলাম রব্বানী জানান, তাঁদের বাড়ি বগুড়ার কাহালু উপজেলার পলি ভুগোইল গ্রামে। বর্তমানে স্ত্রী শাপলা আক্তারকে নিয়ে গাজীপুর চৌরাস্তায় থাকেন। সেখানে তাঁর বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা রয়েছে। আগে তাঁদের এক ছেলে সন্তান রয়েছে।
মো. গোলাম রব্বানী কান্নাজড়িত কণ্ঠে জানান, গত শনিবার রাতে তাঁর স্ত্রী শাপলা আক্তারের প্রসবব্যথা হয়। সেদিন রাতে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ভোর ৪টার দিকে হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে ছেলেসন্তানের জন্ম হয়। জন্মের পর নবজাতকের শ্বাসকষ্ট দেখা দিলে দায়িত্বরত চিকিৎসকেরা তাঁকে দ্রুত এনআইসিইউ সাপোর্টে নেওয়ার পরামর্শ দেন।
রব্বানী আরও জানান, ঢামেক হাসপাতালের এনআইসিইউতে কোনো সিট খালি না থাকায় সেখানকার এক চিকিৎসকের পরামর্শে এক ওয়ার্ড বয়ের মাধ্যমে সকালে শিশুটিকে চানখাঁরপুলের রয়েল কেয়ার হাসপাতালে নিয়ে যান তিনি। সেখানে আনুষ্ঠানিক ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করার আগেই নবজাতককে এনআইসিইউতে দেওয়া হয়। কিছুক্ষণ পর হঠাৎ চিৎকার শুনতে পান। দৌড়ে গিয়ে তাঁরা দেখতে পান, শিশুটিকে যে ইনকিউবেটরের মধ্যে রাখা হয়েছিল, সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং বাচ্চার শরীরে আগুন লেগে গেছে। তবে সেখানে ওই হাসপাতালের স্টাফদের কাউকে পাওয়া যায়নি।
নবজাতকের বাবা জানান, নিজেরাই আগুন নেভানোর পর হাসপাতালের কয়েকজন স্টাফ আসেন। এরপর তাঁদের সহযোগিতায় শিশুসন্তানকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুনরায় ঢামেক হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়।
গোলাম রব্বানী অভিযোগ করেন, ‘ওদের অবহেলায় আমার বাচ্চার শরীরটা পুইড়া গেল। ওই হাসপাতাল সিলগালা করার জন্য সরকারের কাছে আবেদন জানাই।’
রয়েল কেয়ার হাসপাতালের বিরুদ্ধে মামলা করতে চকবাজার থানায় গেছেন বলে জানান তিনি।









