ঢাকার দক্ষিণখানে স্ত্রী আফরোজাকে হত্যার পর বাড়ির সীমানার ভেতর মাটিচাপা দিয়ে কানাডায় পালিয়ে যাওয়ার ঘটনায় আশরাফুল আলম সুমনসহ পাঁচজনের বিচার শুরু হয়েছে।
আজ বুধবার ঢাকার যৌন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সরওয়ার আলম পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
অন্য আসামিরা হলেন—আশরাফুলের বাবা শামছুদ্দিন আহমেদ, ভাই সজীব আলম, ভাইয়ের স্ত্রী তাহমিনা বাশার ও খালা আইনজীবী পান্না চৌধুরী। অভিযোগ গঠনের সময় আশরাফুলকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জামিনে থাকা বাকি চারজনও আদালতে উপস্থিত ছিলেন। তাঁরা সবাই নিজেদের নির্দোষ দাবি করেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. হাসান আলী জানান, আগামী ১৪ ডিসেম্বর এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে।
মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ২৭ মে ঢাকার দক্ষিণখানের নদ্দাপাড়ায় শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হন ৪০ বছর বয়সী আফরোজা। চার দিন পর, ৩১ মে রাতে ওই বাড়ির সীমানার ভেতর মাটির নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। আফরোজার গ্রামের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার ভোগড়াবুড়ি গ্রামে।
আফরোজার খোঁজ না পেয়ে তাঁর ভাই আরিফুল ইসলাম ঢাকায় এসে দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডির তদন্ত করতে গিয়ে পুলিশ শ্বশুরবাড়ির সদস্যদের কথাবার্তায় অসংগতি খুঁজে পায়। পরে তাঁদের সঙ্গে যোগাযোগ রেখে তথ্য সংগ্রহের একপর্যায়ে পুলিশ জানতে পারে, আফরোজাকে হত্যা করে বাড়ির সীমানার ভেতর মাটিচাপা দেওয়া হয়েছে।
তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) রেজিয়া খাতুন ২০২৩ সালের ডিসেম্বরে আশরাফুলসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে বলা হয়, ঘটনার পর আশরাফুল কানাডায় চলে গিয়েছিলেন। পরে আত্মীয়স্বজনের মাধ্যমে ভিডিও কলে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। এসআই রেজিয়া খাতুনের ভাষ্য অনুযায়ী, ৩১ মে রাতে ভিডিও কলে আশরাফুল নিজেই মরদেহ পুঁতে রাখার জায়গাটি দেখিয়ে দেন। এরপর ওই স্থান খুঁড়ে আফরোজার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আশরাফুলের বাবা, ভাই, ভাইয়ের স্ত্রী ও খালাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁরা জামিনে মুক্তি পান।
অন্যদিকে, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি কানাডা থেকে দেশে ফেরেন আশরাফুল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।










