Ajker Patrika

ই-রিকশা বিধিমালা সংশোধনের দাবিতে দুই সিটিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ২১: ১৪
ই-রিকশা বিধিমালা সংশোধনের দাবিতে দুই সিটিতে স্মারকলিপি
ই-রিকশা চলাচল বিধিমালা-২০২৬ সংশোধনের দাবিতে ডিএসসিসির প্রশাসক আব্দুস সালামের কাছে স্মারকলিপি দিয়েছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ। ছবি: আজকের পত্রিকা

ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা-২০২৬ সংশোধনের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালামের কাছে নয় দফা দাবিসংবলিত স্মারকলিপি দিয়েছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ।

আজ বুধবার দুপুরে সংগঠনটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল নগর ভবনে গিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বরাবর পাঠানো স্মারকলিপিটি প্রশাসকের হাতে তুলে দেয়। একই স্মারকলিপি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের কাছেও দেওয়া হয়েছে।

এর আগে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে একই দাবিতে সমাবেশ করে সংগঠনটির ঢাকা মহানগর শাখা। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি প্রেসক্লাব, কদম ফোয়ারা, শিক্ষা ভবন, হাইকোর্ট মোড় ও বঙ্গবাজার হয়ে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়।

সংগঠনটির নয় দফা দাবির মধ্যে রয়েছে, বিদ্যমান ই-রিকশার কাঠামো রূপান্তরের জন্য অন্তত দুই বছর সময় দেওয়া; নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করে প্রকৃত চালক ও মালিকদের লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আনা; চালকদের লাইসেন্স প্রদানের বৈধ প্রক্রিয়া বিধিমালায় অন্তর্ভুক্ত করে বিআরটিএকে যুক্ত করা; নিবন্ধন ফি কমিয়ে দুই আসনের এককালীন ফি ৮ হাজার ও বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা এবং চার আসনের ক্ষেত্রে এককালীন ফি ১০ হাজার ও বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ; ই-রিকশার সংখ্যা নির্ধারণে চালকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নেওয়া; মহাসড়কের পাশে ই-রিকশার জন্য সাইডলেন তৈরি এবং কোন সড়কে চলাচল করতে পারবে তা অংশীজনদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ; চার্জিং স্টেশনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক না করা, বিমা বাধ্যতামূলক ও ব্যয়বহুল না; লাইসেন্স, ফিটনেস ও উৎপাদন অনুমোদনের ক্ষেত্রে বিআরটিএকে যুক্ত করে স্থানীয় উৎপাদকদের অনুমোদিত নকশায় ই-রিকশা তৈরির সুযোগ দেওয়া, যাতে কোনো সিন্ডিকেট বা একচেটিয়া ব্যবসা গড়ে না ওঠে এবং সিটি করপোরেশনের বাইরের পৌরসভা ও উপজেলা এলাকায় বিধিমালার প্রয়োগ কীভাবে হবে তা স্পষ্ট করা।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের ঢাকা মহানগর শাখার সহসভাপতি জালাল আহমেদ। বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি শ্রমিক নেতা রাজেকুজ্জামান রতন, কেন্দ্রীয় আহ্বায়ক খালেকুজ্জামান লিপন, কেন্দ্রীয় নেতা এস এম কাদির, মহানগর উপদেষ্টা আফজাল হোসেনসহ অন্য নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, নতুন বিধিমালায় বেশ কিছু অসংগতি ও অস্পষ্টতা রয়েছে। এতে প্রায় ৬০ লাখ যানবাহনের সঙ্গে সংশ্লিষ্ট মানুষের জীবিকা ও বিনিয়োগ ঝুঁকিতে পড়তে পারে। বিধিমালাকে বিদ্যমান যানবাহন উচ্ছেদের হাতিয়ার না করে কাঠামোগত পরিবর্তনের জন্য অন্তত দুই বছর সময় দিতে হবে।

বক্তারা আরও বলেন, বিধিমালায় চালকদের লাইসেন্সের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। প্রশিক্ষণ ও লাইসেন্স ছাড়া চালকদের কীভাবে এসব যানবাহন চালানোর অনুমতি দেওয়া হবে তা নির্ধারণ করা জরুরি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত