
২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় জামিন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাত।
আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. মোস্তাফিজুর রহমান তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, আবুল বারকাতের পক্ষে তাঁর আইনজীবী শাহিনুর ইসলাম জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের এই আদেশ দেন। ঢাকা মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবীদের তথ্য অনুযায়ী, এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন আবুল বারকাত। নতুন এই হত্যা মামলায় জামিন পাওয়ার পর তাঁর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
মামলার নথিসূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে পুলিশ ও তৎকালীন সরকারি দলের নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলাকালে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। ওই ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ীর শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে ওই বছরের ২১ আগস্ট নিউমার্কেট থানায় মামলাটি করেন।
আদালত সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই মামলার মূল এজাহারে আবুল বারকাতের নাম ছিল না। তবে পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদন করে দাবি করা হয়, আবুল বারকাতের নির্দেশেই ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এবং আন্দোলন দমাতে তিনি ছাত্রলীগ ও যুবলীগকে আর্থিক সহায়তা দিয়েছিলেন।
এর আগে, গত রোববার (১৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এই মামলায় আবুল বারকাতকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। পরদিন সোমবার তাঁর জামিন আবেদন করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তা নামঞ্জুর করেছিলেন। আজ পুনরায় আবেদনের পর তিনি জামিন পান।
অর্থনীতিবিদ আবুল বারকাত গত বছরের মাঝামাঝি সময় থেকে কারাবন্দী রয়েছেন। জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকাকালীন এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ২০ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় আবুল বারকাতসহ ২৩ জনকে আসামি করা হয়।
এই মামলার পরিপ্রেক্ষিতে গত বছরের ১০ জুলাই রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন কারাগারে থাকার পর হাইকোর্ট তাঁকে জামিন দেন। রাষ্ট্রপক্ষ এই জামিনের বিরুদ্ধে আপিল করলে গত ২১ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ শর্তসাপেক্ষে তাঁর জামিন বহাল রাখেন।
আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী, ৭ জুন আদালতে পাসপোর্ট জমা দিয়ে জামিননামা দাখিল করেন আবুল বারকাত। ওই মামলায় জামিন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই পুলিশ তাঁকে নিউমার্কেটের এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিল।

গাজীপুরের শিল্পাঞ্চলগুলোতে গ্যাসের চাপ ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। গ্যাস সরবরাহ প্রায় ২৬০ মিলিয়ন ঘনফুট থেকে বেড়ে ৪০০ মিলিয়ন ঘনফুটে পৌঁছেছে। বিদ্যুতের লোডশেডিংও কমেছে। ফলে শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রমে কিছুটা স্বস্তি ফিরেছে।
১২ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার, খেলার মাঠ নিশ্চিতকরণ, বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক–শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকেরা। একপর্যায়ে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেন।
১৮ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুরে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোখছেদ আলী প্রামাণিক (৫৬) নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
২১ মিনিট আগে
তিন মাসের বকেয়া মজুরি-ভাতা পরিশোধ, বন্ধ কারখানা চালু এবং শ্রমিকদের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহারের দাবিতে আশুলিয়ার বাইপাইলে ক্লোদিং কার্নিভ্যালস লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। আজ বুধবার বেলা ৩টার দিকে কারখানার গেট থেকে মিছিল নিয়ে তাঁরা আশুলিয়া থানার সামনে মানববন্ধন করেন।
৩৫ মিনিট আগে