Ajker Patrika

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কুমিল্লায় চলছে নানা প্রস্তুতি

কুমিল্লা প্রতিনিধি
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কুমিল্লায় চলছে নানা প্রস্তুতি
বরুড়ার সভাস্থল পরিদর্শন করেন বিএনপির নেতা, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্যরা। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার বরুড়া উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। সভাস্থল পরিদর্শন, নিরাপত্তা জোরদার, সড়কের সৌন্দর্যবর্ধন এবং জনসমাগম নিয়ন্ত্রণে প্রশাসনের বিভিন্ন দপ্তর ইতিমধ্যে মাঠে নেমেছে। সফর উপলক্ষে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

আগামী শনিবার (১৬ মে) বেলা ১১টায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের পাশে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তাঁর আগমনকে কেন্দ্র করে সভাস্থলসহ আশপাশের এলাকায় চলছে জোর প্রস্তুতি।

ইতিমধ্যে সভাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিরাপত্তা নিশ্চিতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যরাও মাঠপর্যায়ে তৎপরতা শুরু করেছেন।

বরুড়ার সভাস্থল পরিদর্শন করেন বিএনপির নেতা, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্যরা। ছবি: আজকের পত্রিকা
বরুড়ার সভাস্থল পরিদর্শন করেন বিএনপির নেতা, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্যরা। ছবি: আজকের পত্রিকা

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা-চাঁদপুর সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। মহাসড়কের বিভাজক, সড়কদ্বীপ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে নতুন রঙের প্রলেপ দেওয়া হচ্ছে। পাশাপাশি সভাস্থল ঘিরে প্যান্ডেল নির্মাণ, মঞ্চ প্রস্তুত এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বরুড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি একাধিকবার সভাস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করেছেন। প্রশাসনের বিভিন্ন বিভাগ জনসমাগম নিয়ন্ত্রণ, যান চলাচল স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, চাঁদপুরে নির্ধারিত কর্মসূচিতে যাওয়ার পথে বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে প্রধানমন্ত্রী নেতা-কর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। এই উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তিনি জানান, প্রায় ৫০ হাজার লোকের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সভাস্থল সরেজমিনে পরিদর্শন করা হয়েছে এবং এসএসএফের সঙ্গে সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়েছে। একটি সুশৃঙ্খল ও নিরাপদ অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত