
রাতভর টানা ভারী বর্ষণে কুমিল্লা নগরীতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মাত্র তিন ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিতে নগরীর প্রধান সড়ক, অলিগলি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও আবাসিক এলাকার বিস্তীর্ণ অংশ পানিতে তলিয়ে যায়। এতে জনজীবন হয়েছে বিপর্যস্ত। তবে চরম ভোগান্তিতে পড়েছে এইচএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। অনেক পরীক্ষার্থীকে নৌকায় চড়ে পরীক্ষাকেন্দ্রে যেতে দেখা গেছে। একই সময় কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালের নিচতলাতেও পানি ঢোকায় বিঘ্ন হয় চিকিৎসাসেবা।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা সরকারি মহিলা কলেজ পরীক্ষাকেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের প্রবেশপথ ও আশপাশের এলাকা পানিতে ডুবে আছে। পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে পৌঁছে দিতে সেখানে নৌকার ব্যবস্থা করা হয়। অনেকে হাঁটুসমান পানি পেরিয়ে কেন্দ্রে আসেন। কয়েকজনকে নৌকায় করে কেন্দ্রের ভেতর যেতে দেখা যায়।
ভারী বর্ষণের কারণে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে না পারলেও কোনো পরীক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য শিক্ষা বোর্ড বিশেষ নির্দেশনা দিয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ জানান, বোর্ডের অধীন ছয় জেলার বিভিন্ন কেন্দ্রের সামনে ও সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে কোনো কেন্দ্রের পরীক্ষার কক্ষে পানি প্রবেশ করেনি। জলাবদ্ধতার কারণে যারা কিছুটা দেরিতে কেন্দ্রে এসেছে, তাদের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে অতিরিক্ত সময় দিতে কেন্দ্র সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার বলেন, এই কেন্দ্রে আটটি কলেজের প্রায় ২ হাজার ১০০ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মাঠে পানি জমলেও পরীক্ষার কক্ষগুলো নিরাপদ রয়েছে। দেরিতে আসা পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
কুমিল্লা মহিলা সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী মৌমিতা পরান নিশি বলেন, ‘এমন প্রাকৃতিক দুর্যোগে সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা উচিত ছিল। বৃষ্টিতে ভিজে ও পানি মাড়িয়ে কেন্দ্রে আসতে হয়েছে। অনেকেই ভেজা কাপড়ে পরীক্ষা দিচ্ছে, কেউ কেউ পানিতে পড়ে গেছে। এতে মানসিকভাবে অনেকেই বিপর্যস্ত।’
আরেক পরীক্ষার্থী লামিসা তাবাসসুম বলেন, ‘জলাবদ্ধতা ও কেন্দ্রে পানি ঢুকে পড়ায় পরীক্ষা দেওয়ার পরিবেশ ছিল না। তবুও বাধ্য হয়ে কেন্দ্রে আসতে হয়েছে। অনেক অভিভাবকও পরীক্ষা চলমান রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন।’
নগরীর সুজানগর এলাকার অভিভাবক মো. মোবারক হোসেন পরান বলেন, ‘হাঁটুসমান পানি পেরিয়ে মেয়েকে কেন্দ্রে আনতে হয়েছে। পথে পড়ে গিয়ে কাগজপত্র পর্যন্ত ভিজে গেছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা দেওয়া কোনো শিক্ষার্থীর পক্ষেই সহজ নয়।’

জলাবদ্ধতার কারণে নগরীর বিভিন্ন এলাকায় রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার সংকট দেখা দেয়। অনেক চালক স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ পর্যন্ত ভাড়া আদায় করেছেন বলে যাত্রীদের অভিযোগ।
এদিকে সকালে কুমিল্লা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের নিচতলা, জরুরি বিভাগের সামনের অংশ এবং কয়েকটি ওয়ার্ডের আশপাশে পানি জমে রয়েছে। রোগী ও স্বজনদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।
কুমিল্লার সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশির আহমেদ বলেন, বৃষ্টির প্রচুর পানি হাসপাতাল চত্বরে ঢুকেছে। তবে বিকল্প ব্যবস্থায় জরুরি বিভাগের চিকিৎসাসেবা চালু রাখা হয়েছে। বৃষ্টি কমে গেলে পানি নেমে যাবে বলে তাঁর আশা।
নগরীর চকবাজার কাপড়িয়াপট্টি, মনোহরপুর, মহিলা কলেজ রোড, বাগানবাড়ি, দক্ষিণ চর্থা, জিলা স্কুল সড়ক, পুলিশ লাইনস, রেসকোর্স, উত্তর রেসকোর্স, ঠাকুরপাড়া, বিসিক শিল্পনগরী, গোবিন্দপুর, মুরাদপুর এবং শহরতলির ছায়াবিতান এলাকায় সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা গেছে। বিভিন্ন বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও নিচু এলাকায় পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। ড্রেন থেকে ময়লা-আবর্জনাযুক্ত পানি উপচে সড়কে ছড়িয়ে পড়ায় দুর্ভোগ আরও বেড়েছে।
কুমিল্লা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে আজ ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দিনভর আরও ভারী বর্ষণের সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, পরীক্ষা শুরুর আগ থেকেই সরকারি মহিলা কলেজ কেন্দ্রে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা ও প্রকৌশল বিভাগের কর্মীরা বিভিন্ন এলাকায় কাজ করছেন।

পাবনার সাঁথিয়া উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মহব্বত আলী খাঁ নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেন এলাকাবাসী। তবে অভিযুক্তকে পুলিশে সোপর্দ না করে গ্রাম্য সালিসে ২০টি জুতার বাড়ি দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনা কেন্দ্র করে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে...
২৩ মিনিট আগে
আজ সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের এফজেড-৪৬৩ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ওই যাত্রী। গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিনিধিরা তাঁকে তল্লাশি করেন।
৩২ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকায় মাদকবিরোধী অভিযানে বাধার মুখে পড়লে ছত্রভঙ্গ করতে পুলিশ পাঁচটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছে। গতকাল রোববার রাত ৯টা থেকে চলা কয়েক ঘণ্টার এ অভিযানে মাদকদ্রব্য ও মাদকদ্রব্য সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ওই এলাকায় অভিযান...
১ ঘণ্টা আগে
বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও ৯ কোটি ৩৫ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে হরিদাস চন্দ্র তরণী ওরফে তৌহিদ ইসলামের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১ ঘণ্টা আগে