Ajker Patrika

চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় লরির নিচে সিএনজিচালিত অটোরিকশা, নিহত বেড়ে ২

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৯: ০৯
চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় লরির নিচে সিএনজিচালিত অটোরিকশা, নিহত বেড়ে ২
পিকআপের ধাক্কায় লরির নিচে সিএনজি। ছবি: আজকের পত্রিকা

বরযাত্রীর গাড়িতে স্থান সংকুলান না হওয়ায় সিএনজিচালিত অটোরিকশায় চড়ে দুই খালাতো ভাইকে নিয়ে আরিফ হোসেন (৪০) যাচ্ছিলেন বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। পথিমধ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় সামনে দাঁড়িয়ে থাকা লরির নিচে চাপা পড়ে প্রাণ গেল তাঁর। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন সিএনজি অটোরিকশা চালক আব্দুল মতিনও (৩৫)। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরিফ হোসেনের দুই খালাতো ভাইসহ আরও এক যাত্রী।

আজ সোমবার বিকেলে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের কালিকসার রাস্তার মাথা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আরিফ হোসেন কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে। আর আব্দুল মতিন চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের শফিক মিয়ার ছেলে।

আহত ব্যক্তিরা হলেন সুফিয়া বেগম, মো. রাসেল ও মো. ইয়াকুব। মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরঞ্জন কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে মহাসড়কের চিওড়া ও সুজাতপুর এলাকা থেকে বসন্তপুর ও চৌদ্দগ্রাম বাজারের উদ্দেশে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রা করেন জগন্নাথদীঘি ইউনিয়নের সোনাপুর গ্রামের সুফিয়া বেগম, হিঙ্গুলা গ্রামের আরিফ হোসেন, চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামের মো. রাসেল ও মো. ইয়াকুব। পথে কালিকসার এলাকায় একটি পিকআপ সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে সামনে থাকা একটি লরির নিচে ঢুকে যায় এবং চালকসহ পাঁচজন আহত হন।

সড়ক দুর্ঘটনায় নিহতের খবরে স্বজনের আহাজারি। ছবি: আজকের পত্রিকা
সড়ক দুর্ঘটনায় নিহতের খবরে স্বজনের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিএনজিচালিত অটোরিকশার চালক আবদুল মতিন ও যাত্রী আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত ইয়াকুবকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে। অপর দুই আহত সুফিয়া বেগম ও রাসেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাঈদ আল মনসুর বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত একজনকে কুমিল্লায় পাঠানো হয়েছে। অপর দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

নিহত আরিফের খালাতো ভাই মামুন বলেন, ‘বর সেজে বিয়ের উদ্দেশ্যে বসন্তপুর গ্রামের কাজীবাড়িতে এসেছি। আমাদের নির্ধারিত গাড়িতে বসার জায়গা না থাকায় আপন ভাই রাসেল ও ইয়াকুব এবং খালাতো ভাই আরিফ পরে সিএনজিচালিত অটোরিকশায় রওনা দেন। পথিমধ্যে দুর্ঘটনায় খালাতো ভাই আরিফ নিহত হয়েছেন, আর আপন ভাই রাসেল ও ইয়াকুব আহত হয়েছেন। এখন আমার বিয়ের আনন্দ বিষাদে পরিণত হয়েছে।’

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরঞ্জন কুমার বলেন, নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত