
কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের একটি এলপিজি গ্যাসপাম্পে দুই দফা আগুনের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা ও সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে এন আলম এলপিজি গ্যাসপাম্পে প্রথম দফায় আগুনের সূত্রপাত হয়। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও রাত সাড়ে ১০টার দিকে আবার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তে ভয়াবহ রূপ নেয়।
আগুনে পার্কিং করে রাখা অন্তত ২৫টি যানবাহন পুড়ে যায়। বেশ কয়েকটি বাস ও আশপাশের দোকানপাট এবং বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় ব্যবসায়ী ও যানবাহনের মালিকেরা জানান, এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বিস্ফোরণের পর গ্যাস ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় ঠেকাতে সেনাবাহিনী কাজ করে। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।
এর আগে সন্ধ্যায় পাম্পটিতে গ্যাস লিকের ঘটনা ঘটে। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করা হয় এবং আগুন না জ্বালানোর অনুরোধ করা হয়।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, গ্যাসপাম্পের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও সেনাবাহিনীর দুটি ওয়াটার ব্রাউজারসহ দুটি টিম রাত সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্বাধীনতার স্মৃতিবিজড়িত মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধবিষয়ক স্মৃতিকেন্দ্র এখনো দর্শনার্থীশূন্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই একশ্রেণির উচ্ছৃঙ্খল লোকজন সেখানকার মুক্তিযুদ্ধবিষয়ক ভাস্কর্যগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়।
১ ঘণ্টা আগে
কৃষকসহ বিলাঞ্চলের মানুষের কষ্টের কথা ভেবে ২৫ বছর আগে বিলের মধ্য দিয়ে তৈরি করা হয় সাবমারসিবল বা ডুবো সড়ক। এখন সেই আশাজাগানিয়া সড়কটি যেন দুর্ভোগের আরেক নাম। সংস্কার না করায় ভাঙাচোরায় সড়কটিতে চলাচল করতে গিয়ে দুর্ভোগ আরও বেড়েছে।
২ ঘণ্টা আগে
চলতি মাসের শুরুর দিকে রাজধানীর গুলিস্তানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বড় ধরনের উচ্ছেদ অভিযান চালালেও সপ্তাহ না পেরোতেই আবার দোকান বসতে শুরু করেছে। ফুটপাতগুলোতে দেখা গেছে ‘হকার-পুলিশ’ খেলা। একদিকে সুযোগ পেলেই অস্থায়ী পাটাতন দিয়ে দোকান বসাচ্ছেন হকাররা; অন্যদিকে ঘুরে ঘুরে সেসব উঠিয়ে দিচ্ছে পুলিশ।
২ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৫১ শিশুর মৃত্যুর পর এই সংক্রামক রোগের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম আট সদস্যের এই বোর্ড গঠনের আদেশ দেন।
২ ঘণ্টা আগে