
কক্সবাজারের চকরিয়ায় জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে গৃহকর্তাকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ১০-১২ জনের ডাকাত দলটি বাড়ি থেকে স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মাদ্রাসাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন ব্যবসায়ী হেলাল উদ্দিন, ব্যবসায়ী বেলাল উদ্দিন ও প্রকৌশলী জালাল উদ্দিন। তাঁরা সম্পর্কে আপন ভাই।
ভুক্তভোগীরা জানান, গতকাল দিবাগত রাত ৩টার দিকে ১০-১২ জনের একদল ডাকাত জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। তারা প্রথমে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। পরে তাঁদের একটি রুমে আটকে রেখে চাবি নিয়ে লুটপাট করে।
এ সময় আলমারি থেকে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, আড়াই লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন নিয়ে যায়। যাওয়ার সময় ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) খুলে নিয়ে যায়। ডাকাত দলের সবাই মুখোশ পরা ছিল।
প্রকৌশলী জালাল উদ্দিন বলেন, ‘আমার মা ও তিন ভাইয়ের পরিবার একই বাড়িতে থাকি। গতকাল বুধবার রাত ৩টার সময় বাড়ির জানালার গ্রিল কেটে ৫ জন মুখোশ পরিহিত ডাকাত বাড়িতে ঢোকে। বাইরেও ৫-৬ জনকে দেখা গেছে। এদের তিনজনের হাতে দেশীয় তৈরি অস্ত্র (বন্দুক), গ্রিল কাটার যন্ত্র, কিরিচ ও দা ছিল। এ সময় নারী-শিশুসহ পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি রুমে আটকে রাখে। এরপর আলমারির চাবি নিয়ে ৮ ভরির কমবেশি স্বর্ণালংকার, আড়াই লাখ টাকা ও তিনটি মোবাইল ফোনসহ কিছু দামি মালপত্র লুট করে নিয়ে যায়।’
জালাল উদ্দিন আরও বলেন, ‘বাড়িতে কেন সিসি ক্যামেরা লাগিয়েছি, তা জানতে চেয়ে ডাকাত দলের এক সদস্য আমাকে একটি থাপ্পড় মারে। পরিবারের অন্য সদস্যদের মারধর করেনি। সকালে চকরিয়া থানায় চলে গেলে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
এ ব্যাপারে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহরাব সাকিব আজকের পত্রিকাকে বলেন, ‘মৌখিক অভিযোগের ভিত্তিতে ওসির নির্দেশে ওই বাড়ি পরিদর্শন করেছি। ওই বাড়ির জানালার গ্রিল কাটা পাওয়া গেছে। পরিদর্শন শেষে সংগৃহীত তথ্য-উপাত্ত ওসিকে অবহিত করা হয়েছে।’
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আর এই নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
৯ মিনিট আগে
ভোলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে। পুলিশ সন্ধ্যায় ধর্ষক গোপাল দেবনাথকে (৬৫) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
১১ মিনিট আগে
নোয়াখালীর জেলা শহরের সোনাপুর এলাকায় বাংলাদেশ রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. খোরশেদ
১৩ মিনিট আগে
চুয়াডাঙ্গায় সুবর্ণা আক্তার নামের এক নারী শিল্পীর মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ওই নারীর মরদেহ শহরতলির দৌলতদিয়াড়ের বাড়িতে এসে পৌঁছালে সেখানে দাফনকাজে বাধা দেন এলাকার লোকজন।
১ ঘণ্টা আগে