
একদিকে নাড়ির টান, অন্যদিকে সীমান্তের কাঁটাতার—এই দুইয়ের মাঝে পিষ্ট হয়ে দীর্ঘ আট মাস বাংলাদেশের কারাগারে কাটাতে হলো ভারতীয় নাগরিক ফাল্গুনী রায়কে। নিজের প্রথম স্বামী ও একমাত্র সন্তানের মুখ দেখার আকুলতা নিয়ে বাংলাদেশে এলেও শেষ পর্যন্ত এক বুক হাহাকার নিয়ে ফিরতে হয়েছে তাঁকে।
আজ রোববার (৮ মার্চ) সকালে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে স্বদেশে ফিরেছেন ফাল্গুনী। দর্শনা আইসিপি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে নিজ দেশে হস্তান্তর করা হয়।
জানা গেছে, ঘটনার সূত্রপাত ২০২৫ সালের জুনে। বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার শিংড়ি টেংরা কলোনি গ্রামের বিশ্বনাথ রায়ের মেয়ে ফাল্গুনী রায়। গন্তব্য ছিল পিরোজপুরের স্বরূপকাঠি, যেখানে তাঁর প্রথম স্বামী ও সন্তান বসবাস করে। তবে প্রিয়জনদের সান্নিধ্য পাওয়ার পরিবর্তে সেখানে গিয়ে তাঁকে নির্যাতনের শিকার হতে হয় বলে অভিযোগ ওঠে। তাঁর প্রথম স্বামী তাঁকে মারধর করে পাসপোর্ট ছিনিয়ে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন।
পাসপোর্ট হারিয়ে দিশেহারা ফাল্গুনী ঝিনাইদহের মহেশপুরে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে পাসপোর্ট ছাড়াই সীমান্ত পেরিয়ে ভারতে ফেরার চেষ্টা করলে বিজিবির হাতে আটক হন তিনি। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাঁর বিরুদ্ধে মামলা হয় এবং আদালত তাঁকে চার মাস পাঁচ দিনের কারাদণ্ড দেন। তবে দুই দেশের কূটনৈতিক ও অভিবাসন-সংক্রান্ত আমলাতান্ত্রিক জটিলতায় সাজা শেষ হওয়ার পরও অতিরিক্ত আরও চার মাস ফাল্গুনীকে কারাগারে থাকতে হয়।
চলতি বছরের ১০ জানুয়ারি ফাল্গুনীকে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে স্থানান্তর করা হয়। ডিসেম্বরে ভারতীয় দূতাবাসের ছাড়পত্র এবং জানুয়ারিতে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন মিললেও জাতীয় নির্বাচনের কারণে তাঁর প্রত্যাবাসন প্রক্রিয়া কিছুটা ঝুলে যায়। অবশেষে আজ সকালে সব আনুষ্ঠানিকতা শেষে বিজিবির দর্শনা ক্যাম্পের সুবেদার এনামুল হক ও বিএসএফের গেদে ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার রাজেশ কুমারের উপস্থিতিতে তাঁকে পরিবারের কাছে হস্তান্তরের জন্য ভারতে পাঠানো হয়।

স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে ট্রেনে উঠে পড়ে দশ বছর বয়সী শিশু আবদুল্লাহ। এরপর আর তার বাড়ি ফেরা হয়নি। দীর্ঘদিন ধরে তাকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন স্বজনেরা।
২০ মিনিট আগে
টাঙ্গাইলের মধুপুর উপজেলার শালবনের গভীরে গড়ে ওঠা একটি অবৈধ সিসা তৈরির কারখানা ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও বন বিভাগ। অভিযানে প্রায় ১৫ শতাংশ বনভূমি দখলমুক্ত করা হয়েছে। গতকাল রোববার (৮ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার অরণখোলা ইউনিয়নের কালার বাজার এলাকার শালবনের ভেতরে এই যৌথ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগে
দুদকের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত–২) মো. মোতাহার হোসেনের আইফোন, মানিব্যাগ ও হাতঘড়ি ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
মোহনপুরে জামায়াত কর্মী মো. আলাউদ্দিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ সোমবার নগরীর সাহেববাজার এলাকায় এ বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে