Ajker Patrika

চট্টগ্রাম টাইগারপাসে এক্সপ্রেসওয়ে থেকে পড়ে যুবকের মৃত্যু, সিসিটিভি ফুটেজে মিলতে পারে রহস্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম টাইগারপাসে এক্সপ্রেসওয়ে থেকে পড়ে যুবকের মৃত্যু, সিসিটিভি ফুটেজে মিলতে পারে রহস্য
গতকাল মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ের প্রবেশমুখের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে মেহেদী হাসান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টা ৪০ মিনিটে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ের প্রবেশমুখের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মেহেদী হাসান নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শিয়াচর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম সুলতান শিকদার এবং মায়ের নাম মমতাজ বেগম বলে পুলিশ জানিয়েছে।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনার পর স্থানীয় কয়েকজন ব্যক্তি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে তিনি লালখান বাজার থেকে টাইগারপাসের দিকে যাচ্ছিলেন। এ সময় সিটি করপোরেশন কার্যালয়ের প্রবেশমুখের বিপরীত পাশে তাঁর থেকে মাত্র ১০ হাত দূরে এক ব্যক্তিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে যেতে দেখেন। মুহূর্তেই বিকট শব্দ হয়। আকস্মিক এ ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন।

সাজ্জাদ হোসেন আরও জানান, ঘটনার ঠিক আগমুহূর্তে একটি মোটরসাইকেলকে দ্রুতগতিতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে দেখেছিলেন তিনি। এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ হলে সেটি কীভাবে প্রবেশ করল, তা নিয়ে তাঁর মনে প্রশ্ন তৈরি হয়েছে। তবে নিচে পড়ে যাওয়া ব্যক্তি ওই মোটরসাইকেলের আরোহী ছিলেন কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি।

ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন এই প্রত্যক্ষদর্শী। তাঁর মতে, ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে প্রকৃত ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

এদিকে আহত অবস্থায় মেহেদীকে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিদের মধ্যে ছিলেন আব্দুল আহাদ, মো. রুহাব ও মো. রিয়াদ। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁরা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, মেহেদী হাসান নামে এক যুবককে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত