
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে বন্ধ হয়ে যায় হরমুজ প্রণালি। আর সেখানে আটকা পড়ে এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল বহনকারী জাহাজ ‘নর্ডিক পোলাক্স’। ১২৫ দিন আটকে থাকার পর নিরাপদে প্রণালি অতিক্রম করে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেছে জাহাজটি।
সৌদি আরবের রাস তানুরা বন্দর থেকে গত ১ মার্চ অপরিশোধিত তেল বোঝাই করার পর হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে জাহাজটি সেখানে আটকা পড়ে। পরে বিধিনিষেধ আংশিক শিথিল হওয়ায় ২৪ জুন জাহাজটি নিরাপদে প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ জুলাই এটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
জাহাজে থাকা এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) পরিশোধন করে সারা দেশে সরবরাহ করা হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পক্ষে তেল পরিবহনের কাজটি তদারকি করছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। এ জন্য বিদেশি একটি প্রতিষ্ঠান থেকে ভাড়ায় নেওয়া হয়েছে নর্ডিক পোলাক্স জাহাজটি।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ‘হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পরপরই বিকল্প রুটে জ্বালানি তেল আমদানি শুরু করা হয়।’ তিনি বলেন, ‘বিকল্প পথ হিসেবে সৌদি আরবের ইয়ানবু এবং সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে জ্বালানি তেল আনা হচ্ছে। এসব বিকল্প চালানের মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।’
মাহমুদুল মালেক জানান, নর্ডিক পোলাক্স ১ মার্চ রাস তানুরা বন্দর থেকে তেল বোঝাই করার পর চলতি সপ্তাহ পর্যন্ত সেখানে আটকে ছিল। দীর্ঘ সময় জাহাজটি আটকে থাকায় উল্লেখযোগ্য পরিমাণ ডেমারেজ বা অতিরিক্ত খরচ হলেও সেই খরচ বিপিসি বা বিএসসিকে বহন করতে হবে না। চুক্তি অনুযায়ী ডেমারেজের পুরো ব্যয় সরবরাহকারী প্রতিষ্ঠান বহন করবে।
সরকারি পর্যায়ের (জিটুজি) চুক্তির আওতায় বাংলাদেশ প্রতিবছর সৌদি আরবের আরামকো এবং আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডনক) থেকে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে। সাধারণত সৌদি আরবের তেল রাস তানুরা এবং সংযুক্ত আরব আমিরাতের তেল জেবেল আলী বন্দর থেকে হরমুজ প্রণালি হয়ে চট্টগ্রামে আসে।
চলতি বছরের শুরুতে কৌশলগত এই নৌপথ বন্ধ হয়ে যাওয়ায় এক লাখ টন অপরিশোধিত তেলসহ নর্ডিক পোলাক্স রাস তানুরা বন্দরে আটকে পড়ে। এতে ইস্টার্ন রিফাইনারিতে কাঁচামালের তীব্র সংকট দেখা দেয়। এর ফলে গত ১২ এপ্রিল অপরিশোধিত তেলের অভাবে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এতে দেশের মোট জ্বালানি সরবরাহ প্রায় ২০ শতাংশ কমে গিয়ে সাময়িক সংকট তৈরি হয়।
পরিস্থিতি সামাল দিতে সরকার বেশি দামে পরিশোধিত জ্বালানি তেল আমদানি শুরু করে। পাশাপাশি সৌদি আরবের লোহিত সাগর উপকূলের ইয়ানবু এবং ওমান উপসাগরসংলগ্ন সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরকে বিকল্প রুট হিসেবে ব্যবহার করে অপরিশোধিত তেল আমদানি শুরু হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমানে এসব বিকল্প রুট দিয়েই অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রয়েছে। ফলে ইস্টার্ন রিফাইনারির কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং হরমুজ প্রণালির পরিস্থিতিরও ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

রাজধানীর দক্ষিণখান এলাকায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...
১ ঘণ্টা আগে
বিএসটিআইয়ের মান সনদ গ্রহণের আবেদন না করে সুইটমিট, ফারমেন্টেড মিল্ক, বিস্কুট, ব্রেড ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন দেওয়ার অপরাধে চাঁদপুরের দুটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজারে পচা ইলিশ বিক্রির অভিযোগে মেসার্স ইসমাইল ট্রেডার্সকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে বিভিন্ন অনিয়মে আরও দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুরে নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত খাবার খেয়ে পরিবারের সাত সদস্য হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে ওই বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর রাতে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল তালুকদার পাড়া গ্রামের ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন ও জমির দলিলপত্র নিয়ে যায়
২ ঘণ্টা আগে