২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নাঘর স্থাপনসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার ঘটনায় দুই সিনিয়র স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মো. আনোয়ার হোছাইন আকন্দ স্বাক্ষরিত পৃথক আদেশে এ তথ্য জানানো হয়।
সাময়িক বরখাস্ত হওয়া নার্সরা হলেন নার্সিং সুপারভাইজার কল্পনা রানী মণ্ডল ও সিনিয়র স্টাফ নার্স রানী বালা হালদার।
আদেশে উল্লেখ করা হয়, ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে অপারেশন থিয়েটারের ভেতরে গ্যাসের চুলায় রান্না করার মতো চরম দায়িত্বহীন, শৃঙ্খলাবিরোধী ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ডে জড়িত থাকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত হয়। বিষয়টি গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হওয়ায় জনস্বাস্থ্য, রোগীর নিরাপত্তা ও নার্সিং পেশার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। এমন কর্মকাণ্ড হাসপাতালের সংবেদনশীল অপারেশন থিয়েটারের পরিবেশ, রোগীর নিরাপত্তা ও জনস্বাস্থ্য সংরক্ষণে মৌলিক নীতির পরিপন্থী। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও নার্সিং পেশার পেশাগত মর্যাদা প্রশ্নবিদ্ধ হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, তাঁরা ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালে স্থানীয়ভাবে দায়িত্বপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক ও সিনিয়র স্টাফ নার্স হিসেবে অপারেশন থিয়েটারের সার্বিক শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও পেশাগত মান রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকা সত্ত্বেও এই অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর তদারকি, নিয়ন্ত্রণ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে সম্পূর্ণভাবে ব্যর্থ হন। তাঁদের কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবে কাম্য নয়। এই ধরনের কর্মকাণ্ড সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী গুরুতর অসদাচরণ। এ জন্য তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুকরণের স্বার্থে এবং এই মামলার সুষ্ঠু নিষ্পত্তির লক্ষ্যে আদেশ জারির তারিখ থেকে কল্পনা রানী মণ্ডল ও রানী বালা হালদারকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
তবে বিধি মোতাবেক তাঁরা খোরপোশ ভাতা প্রাপ্ত হবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
এদিকে এ ঘটনায় হাসপাতালে কর্মরত আরও কয়েকজন নার্স ও চিকিৎসকের সম্পৃক্ততা থাকলেও শুধু আলোচিত ভিডিওতে দৃশ্যমান হওয়া দুজন নার্সের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করায় নিরপেক্ষ তদন্ত নিয়ে শঙ্কা প্রকাশ করছেন সেবাগ্রহীতারা।
সাজ্জাদ ইসলাম নামে এক সেবাগ্রহীতা বলেন, দুই বছর ধরে স্পর্শকাতর এমন একটি জায়গায় অনিয়ম-অব্যবস্থাপনা চললেও কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করে ছিলেন। সর্বশেষ গণমাধ্যমে এ নিয়ে সংবাদের পর এখন শুধু ছবি দেখে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ কাণ্ডে নার্সদের পাশাপাশি স্বয়ং গাইনি বিভাগের চিকিৎসকেরাও জড়িত। এমন দায়সারা কাণ্ডে এখন কর্তৃপক্ষের তদন্ত কমিটির প্রকৃত প্রতিবেদন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
এ ব্যাপারে ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘দুজনের সাময়িক বরখাস্তের আদেশের কপি পেয়েছি। বিষয়টি নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ছাড়া গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে, হাসপাতালের অপারেশন থিয়েটারে গ্যাসের চুলায় রান্নাবান্না, অবাধ যাতায়াত এবং শৃঙ্খলাহীনতার কারণে প্রসূতি মা ও নবজাতকদের সংক্রমণের উচ্চ ঝুঁকি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর পর থেকেই বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৫ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৬ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে