
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার অনুসারীরা ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে রোববার দুপুর ১২টার দিকে জেলার দুটি আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে শুনানি শুরু হয়। প্রস্তাবনায় বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়ন—বুধন্তী, চান্দুরা ও হরষপুরকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা জানায় কমিশন।
শুনানিতে প্রস্তাবের পক্ষে যুক্তি দেন রুমিন ফারহানা। এর বিরোধিতা করেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জড়িয়ে পড়ে হাতাহাতিতে। আতাউল্লাহর অভিযোগ, তাঁর দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে। অপর দিকে রুমিন ফারহানা বলেন, প্রথমে তাঁকে ধাক্কা দেওয়া হয়, এরপর তাঁর অনুসারীরাও পাল্টা প্রতিক্রিয়া দেখান।
এ ঘটনার প্রতিবাদে রোববার সন্ধ্যা পৌনে ৬টা থেকে ৭টা পর্যন্ত সরাইলের শাহবাজপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রুমিন ফারহানার অনুসারীরা। জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলা ও টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করা হয়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন ও থানার ওসির অনুরোধে অবরোধ প্রত্যাহার করা হয়।
বিএনপি নেতা আনোয়ার হোসেন বলেন, ‘রুমিন ফারহানা শুধু আমাদের এলাকার নেত্রী নন, তিনি জাতীয় নেত্রী। তাঁর ওপর হামলার প্রতিবাদে আমরা অবরোধ করেছি। ইউএনও ও ওসির অনুরোধে কর্মসূচি প্রত্যাহার করেছি।’

একই ঘটনায় বিজয়নগরের বুধন্তী ইউনিয়নেও মহাসড়ক অবরোধের খবর পাওয়া গেছে। রুমিন ফারহানার শিকড় বিজয়নগরের বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামে হলেও বর্তমানে তিনি সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের বাসিন্দা।
এদিকে মো. আতাউল্লাহর ওপর হামলার প্রতিবাদে রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে তাঁর অনুসারীরা। জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে প্রার্থী হতে চান রুমিন ফারহানা। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান জেলা বিএনপি সভাপতি খালেদ হোসেন (মাহবুব শ্যামল) ও এনসিপি নেতা মো. আতাউল্লাহ।

দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরের সব কনটেইনার টার্মিনাল একে একে চলে যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে। চারটি টার্মিনাল বিদেশিদের কাছে ইতিমধ্যে দেওয়া বা দেওয়ার সিদ্ধান্ত হওয়ার পর এখন চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি), জেনারেল কার্গো বার্থ এবং বে পোর্ট-মাল্টিপারপাস...
৪ ঘণ্টা আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও আলীকদম সীমান্ত এবং কক্সবাজারের রামু সীমান্তে ইয়াবা পাচার ও লুটে কিশোরদের অন্তত ১০০ গ্যাং জড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। সীমান্তে মাদক কারবারিদের মূল শক্তি হয়ে উঠেছে তারা।
৫ ঘণ্টা আগে
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের শিশু বিভাগে ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকায় চরম ভোগান্তিতে পড়েছে শিশু ও স্বজনেরা। এক শয্যায় তিন-চার শিশুর পাশাপাশি মেঝেতেও চলছে চিকিৎসা। অথচ প্রায় সাত বছর আগে নির্মাণ শেষ হওয়া ১০০ শয্যার আধুনিক শিশু হাসপাতালটি এখনো পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় সংকট আরও
৫ ঘণ্টা আগে
ঢাকা মহানগরের প্রায় ৪ হাজার কিলোমিটার সড়কের মধ্যে লেনভিত্তিক বাস চলাচলের উপযোগী মাত্র ২৮০ কিলোমিটার। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় রয়েছে ১৬৮ কিলোমিটার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১২ কিলোমিটার। বাস রুট রেশনালাইজেশন নিয়ে মাঠপর্যায়ের জরিপে এসব তথ্য উঠে এসেছে।
৬ ঘণ্টা আগে