Ajker Patrika

অচলাবস্থার প্রভাব: কাগুজে ভিসিতে চুয়েটে বাড়ছে দায়দেনা

• চুয়েটে বিভিন্ন খাতে জমেছে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকার বকেয়া।

• বকেয়া পরিশোধে সাত দিনের সময়সীমা দিয়েছে জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান।

• উপাচার্য ক্যাম্পাসের বাইরে থাকায় আটকে আছে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক সিদ্ধান্ত।

• বন্ধ রয়েছে কেনাকাটা, টেন্ডার, নিয়োগ, পদোন্নতিসহ বিভিন্ন কার্যক্রম।

• ভর্তি পরীক্ষার আয়োজন ও বিজ্ঞাপন প্রকাশও অনিশ্চয়তায়।

সবুর শুভ, চট্টগ্রাম
অচলাবস্থার প্রভাব: কাগুজে ভিসিতে চুয়েটে বাড়ছে দায়দেনা
ফাইল ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগ নিয়ে অচলাবস্থার প্রভাব এবার পড়তে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে। যানবাহনের জ্বালানি, আনসার সদস্যদের বেতন এবং বিদ্যুৎ-গ্যাস বিলসহ বিভিন্ন খাতে জমেছে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকার বকেয়া। উপাচার্য ক্যাম্পাসে না থাকায় আটকে আছে গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত ও আর্থিক ছাড়। এতে একদিকে যেমন দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। অন্যদিকে বকেয়া পরিশোধ করতে না পারলে জ্বালানি সরবরাহ বন্ধসহ সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র জানায়, চুয়েটের যানবাহনে সরবরাহ করা জ্বালানি তেলের দাম বকেয়া (তিন মাস) হয়েছে প্রায় ৫০ লাখ টাকা। এ কারণে সংশ্লিষ্ট ফিলিং স্টেশন বকেয়া টাকা পরিশোধে সাত সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে কর্তৃপক্ষকে। একইভাবে দায়িত্ব পালন করা আনসার সদস্যদের বেতন বকেয়া (দুই মাস) পড়েছে ২০ লাখ টাকার মতো। তিন মাসের বিদ্যুৎ ও গ্যাসের বকেয়া আরও ১ কোটি ৬০ লাখ টাকা। এ ছাড়া ভিসি ক্যাম্পাসে না থাকায় ভর্তি পরীক্ষার আয়োজন ও বিজ্ঞাপন প্রকাশ করা যাচ্ছে না। অস্থায়ী ও রিসার্চ অ্যাসিস্ট্যান্টদের বেতন বন্ধ, বরাদ্দ না থাকায় উন্নয়ন প্রকল্প ও নতুন প্রকল্প বন্ধ, নতুন নিয়োগ ও পদোন্নতি, ছুটি, বিদেশে গমনের ছাড়পত্র, বিভিন্ন প্রকাশনা, নতুন ডায়েরি-ক্যালেন্ডার তৈরির কাজ, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ, নিয়মিত সভা, সেমিনার এবং খেলাধুলা ও সামাজিক-সাংস্কৃতিক কাজ বন্ধ রয়েছে। প্রধান প্রশাসনিক ভবনে তালা দেওয়া থাকায় ভিসি অফিস, রেজিস্ট্রার অফিস এবং কন্ট্রোলার অফিসের কাজ পুরোপুরি বন্ধ রয়েছে। কেনাকাটা ও টেন্ডারের প্রক্রিয়া এবং মূল সনদ উত্তোলনও বন্ধ রয়েছে ভিসি নিয়োগ জটিলতার কারণে।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা সম্পর্কে ভিসি শেখ শরীফুল আলমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অবস্থা আগে যেমন ছিল, এখনো তেমনই আছে। ই-মেইলে বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত দিচ্ছি। শিক্ষকেরা কথা বলছেন।’ এই অবস্থার শেষ কোথায়—জানতে চাইলে তিনি বলেন, ‘এটা সবচেয়ে ভালো বলতে পারবেন মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দায়িত্বপ্রাপ্তরা।’

তথ্যমতে, গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় শরীফুল আলমকে। এর আগে দায়িত্বে ছিলেন অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। মাত্র ৫৬ দিনের মাথায় তাঁকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত ঘিরে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন দানা বাঁধে। নতুন উপাচার্যের নিয়োগ প্রত্যাখ্যান করে ২২ সেপ্টেম্বর থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তাঁদের দাবি, আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল করা। একপর্যায়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও আন্দোলনে যুক্ত হন। আন্দোলনের একপর্যায়ে ১২ অক্টোবর তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন নতুন উপাচার্য। পরে তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়। পরদিন জেলা প্রশাসক ও পুলিশ সুপার গিয়ে তাঁকে উদ্ধার করেন। দীর্ঘ অচলাবস্থার পর ২৮ অক্টোবর শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে শুরু করেন। একই সময়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ছয় সদস্যের একটি পরামর্শক কমিটি ক্যাম্পাসে বৈঠক করে সংকট নিরসনের উদ্যোগ নেয়। কিন্তু উপাচার্যের নিয়োগ নিয়ে বিরোধের কোনো দৃশ্যমান সমাধান হয়নি।

পরামর্শক কমিটির সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আল ফোরকানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘একটি ডেভেলপমেন্ট আছে।’ তবে কী ডেভেলপমেন্ট, তা তিনি পরিষ্কার করেননি।

চুয়েটের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তথ্যানুসন্ধানে জানা গেছে, উল্লিখিত প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা ও দায়দেনা পরিশোধে ভিসির অনুমতির প্রয়োজন। ভিসি ক্যাম্পাসের বাইরে থাকায় এ ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এই অবস্থায় বকেয়া পরিশোধ নিয়ে চুয়েট ভয়াবহ অবস্থার মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। চুয়েটে জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান ইস্ট অ্যান্ড অটোমোবাইলস কর্তৃপক্ষের তরফে এক সপ্তাহ আগে চুয়েটের যানবাহন অধিদপ্তরকে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরের বকেয়া ৪০ লাখ ৭০ হাজার টাকা পরিশোধে সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়। এর সঙ্গে নভেম্বরের বকেয়া যোগ হলে, তা ৫০ লাখ ছাড়িয়ে যাবে। নভেম্বরের মধ্যে এই টাকা পরিশোধ না করলে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করার হুঁশিয়ারি দেন তাঁরা। বিষয়টি চুয়েটের যানবাহন অধিদপ্তরের পক্ষ থেকে ১৯ নভেম্বর চুয়েট শিক্ষক সমিতি, কর্মকর্তা ও কর্মচারী সমিতিকে লিখিতভাবে জানানো হয়েছে।

যানবাহন অধিদপ্তরের উপপরিচালক অধ্যাপক সম্পদ ঘোষ জানান, যানবাহনের বকেয়ার বিষয়টি লিখিত আকারে জানানো হয়েছে।

আনসার সদস্যদের বেতন বকেয়ার ২০ লাখ এবং বিদ্যুৎ ও গ্যাসের ১ কোটি ৬০ লাখ টাকার বিষয়ে চুয়েট প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলী মো. তারেকুল আলম জানান, এসব বকেয়া দ্রুত পরিশোধ করতে না পারলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত