Ajker Patrika

বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় ২ দিন যান চলাচল বন্ধ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ২১: ৪৫
বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় ২ দিন যান চলাচল বন্ধ
বড়উঠান রাস্তার মাথা থেকে কৈনপুরা-মহতরপাড়া সড়কে অটোরিকশা চলাচল বন্ধ ছিল। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের আনোয়ারার মহতরপাড়া এলাকায় বালু উত্তোলন ও সড়কের ওপর পাইপলাইন বসানোর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সড়কে অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় অভিযুক্তরা। স্থানীয়দের দাবি, এতে কৈনপুরা, মহতরপাড়া ও বড়উঠান এলাকার প্রায় ৫ হাজার মানুষ ভোগান্তিতে পড়েন।

স্থানীয় বাসিন্দা ও একাধিক অটোরিকশাচালকের অভিযোগ, গতকাল সোমবার বিকেল ৫টা থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বড়উঠান রাস্তার মাথা থেকে কৈনপুরা-মহতরপাড়া সড়কে অটোরিকশা চলাচল বন্ধ ছিল।

আজ মঙ্গলবার সরেজমিনে গিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বড়উঠান রাস্তার মাথা এলাকার কয়েকজন বালু ব্যবসায়ী স্থানীয় এক আওয়ামী লীগ নেতার দখলে থাকা জমিতে বালু ভরাটের কাজ করছেন। ওই জমি ভরাটে কালারপুল খালের মহতরপাড়া অংশে ড্রেজার বসিয়ে প্রায় এক কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে কাজ চালানো হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, মানুষের বাড়িঘর ও সড়কের ওপর দিয়ে নেওয়া বালুর পাইপলাইনের কারণে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার মানুষ দুর্ভোগে পড়েছেন।

ভুক্তভোগীরা গত রোববার বিকেলে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ জানান। পরদিন সোমবার বিকেলে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে বালু ভরাটের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

স্থানীয়দের অভিযোগ, ওই নির্দেশের পরই জমি ভরাটের কাজে নিয়োজিত ব্যক্তিরা ও বালু ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে কৈনপুরা, মহতরপাড়া ও বড়উঠান এলাকায় যান চলাচল বন্ধ করে দেন।

একাধিক অটোরিকশাচালক ও যাত্রী বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং সড়কের ওপর পাইপলাইন থাকায় কয়েক দিন ধরে ওই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছিল। প্রতিবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দা ও অটোরিকশাচালকেরা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দেন। আর এ কারণে বড়উঠান এলাকার বালু ব্যবসায়ীরা ওই রাস্তায় অটোরিকশা চলাচল করতে দেননি। অনেক যাত্রীকে পথে নামিয়ে দিতে হয়েছে। গত দুই দিন মানুষকে হেঁটে বড়উঠান রাস্তার মাথা থেকে কৈনপুরা ও মহতরপাড়ায় যেতে হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবু কালাম আজাদ জানান, আজ সন্ধ্যা ৬টার পর থেকে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু জাফর মজুমদার বলেন, ‘অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে বালু ভরাটের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পরবর্তী সময়ে যান চলাচল বন্ধের বিষয়টি কেউ আমাদের জানায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত