
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় শেষ দিনের যুক্তিতর্ক শুরু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে আসামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের পক্ষে সিনিয়র আইনজীবী রানা দাশগুপ্তের অসমাপ্ত যুক্তি উপস্থাপনের মধ্যে আদালতের দিনের কার্যক্রম শুরু করা হয়।
আদালত সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার আসামি ও বরখাস্ত পুলিশের পরিদর্শক লিয়াকত আলীর পক্ষে সিনিয়র আইনজীবী চন্দন কুমার দাশ এবং টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের পক্ষে সিনিয়র আইনজীবী রানা দাশগুপ্ত তাঁদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। প্রদীপের পক্ষে রানা দাশগুপ্তের যুক্তিতর্ক অসমাপ্ত রেখে গতকাল আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়।
এর আগে সোমবার পর্যন্ত এ মামলার যুক্তিতর্কের দ্বিতীয় দিনে ১৩ জন আসামির পক্ষে আইনজীবীরা আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, বুধবার আসামি প্রদীপের পক্ষে সিনিয়র আইনজীবী রানা দাশগুপ্ত তাঁর অসমাপ্ত যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে ১৫ আসামির যুক্তিতর্ক শেষ হবে। এরপর উভয় পক্ষের আইনজীবী সর্বশেষ সওয়াল-জবাবে অংশ নেবেন।
পিপি বলেন, এ মামলায় ২৩ আগস্ট থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত অষ্টম দফায় ৮৩ জন সাক্ষীর মধ্যে ৬৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। এরপর আদালত জেরা শেষে ৩৪২ ধারায় ১৫ আসামির লিখিত ও মৌখিক বক্তব্য গ্রহণের পর চার দিনের যুক্তিতর্কের দিন ধার্য করেন।
এর আগে সকাল ৯টার দিকে জেলা কারাগার থেকে কড়া পুলিশি পাহারায় বরখাস্ত ওসি প্রদীপসহ এ মামলার ১৫ আসামিকে আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া শামলাপুর পুলিশের তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের পর র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম একই বছরের ১৩ ডিসেম্বর ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে একটি ‘পরিকল্পিত ঘটনা’ হিসেবে উল্লেখ করা হয়। বর্তমানে মামলার ১৫ আসামি কারাগারে রয়েছেন।

শরীয়তপুর সদর ও ডামুড্যা উপজেলায় দেড় বছর ধরে সাব-রেজিস্ট্রার পদটি শূন্য রয়েছে। এ কারণে জমি কেনাবেচা ও দলিল নিবন্ধন করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন দুই উপজেলার মানুষ। এ ছাড়া সাব-রেজিস্ট্রার না থাকায় দলিল লেখকেরা কার্যত কর্মহীন হয়ে পড়েছেন। এ কারণে তাঁরা আর্থিক সংকটে পড়েছেন।
২ ঘণ্টা আগে
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মেঝেতে কাতরাচ্ছে শিশু তানিয়া (১১)। হাড্ডিসার শরীরজুড়ে ক্ষতচিহ্ন। মাথায় একাধিক সেলাই। পিঠে গভীর ক্ষত। পচন ধরেছে দুই পায়ের ক্ষততেও। মাতৃহীন শিশুটি জানায়, ঢাকায় এক বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয়েছে সে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগারটি দুই বছরেও চালু হয়নি। এতে শুধু বিশুদ্ধ পানি থেকে বাসিন্দারা বঞ্চিত হচ্ছেন তা নয়, স্থাপনাটির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।
২ ঘণ্টা আগে
মৌলভীবাজারে পাহাড়-টিলা ও বনাঞ্চল কেটে একের পর এক রিসোর্ট গড়ে উঠছে। গত কয়েক বছরে জেলায় এমন রিসোর্টের সংখ্যা বেড়ে প্রায় ২০০ হলেও এর বেশির ভাগের অনুমোদন ও বৈধতার তথ্য নেই সরকারি দপ্তরগুলোর কাছে। বিশেষ করে শ্রীমঙ্গলে তৈরি হয়েছে শতাধিক রিসোর্ট।
২ ঘণ্টা আগে