Ajker Patrika

সাউদার্ন ইউনিভার্সিটি: তেল কোম্পানি থেকে ভিসির চেয়ারে তিনি

  • মেঘনা পেট্রোলিয়াম কোম্পানির এমডি ছিলেন ভিসি শরীফ আশরাফুজ্জামান।
  • ১০ বছরের শিক্ষকতাসহ ২০ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা থাকার নিয়ম থাকলেও তাঁর সেসব নেই।
  • সব আইন মেনে ভিসির দায়িত্ব পালন করছেন, দাবি আশরাফুজ্জামানের।
আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম 
আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৭: ১২
সাউদার্ন ইউনিভার্সিটি: তেল কোম্পানি থেকে ভিসির চেয়ারে তিনি
মো. শরীফ আশরাফুজ্জামান

নিয়মে রয়েছে, উপাচার্য (ভিসি) হতে ১০ বছরের শিক্ষকতাসহ ২০ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা থাকতে হবে, কিন্তু সেই অভিজ্ঞতা নেই মো. শরীফ আশরাফুজ্জামানের। মেঘনা পেট্রোলিয়াম কোম্পানি ও এলপিজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করে অবসরে যাওয়া এই কর্মকর্তাই এখন বেসরকারি সাউদার্ন ইউনিভার্সিটির ভিসি। খোঁজ নিয়ে জানা গেছে, ‘নিজেদের লোক’ হিসেবে পরিচিত শরীফ আশরাফুজ্জামানের নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড।

ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ, সনদ জালিয়াতি ও সম্পত্তি কেনায় অনিয়ম, সরকারি নিয়োগপ্রাপ্ত প্রশাসককে দায়িত্ব পালনে বাধা এবং আদালত-ইউজিসির নির্দেশনা উপেক্ষার অভিযোগ রয়েছে। সব মিলিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, অর্থব্যবস্থা ও একাডেমিক কার্যক্রম নিয়ে তৈরি হয়েছে গভীর অনিয়মের চিত্র।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন খলিলুর রহমান। সদস্যসচিব সরোয়ার জাহান, তাঁর স্ত্রী ইসরাত জাহানও বোর্ডের সদস্য। ট্রাস্টি হয়ে আবার ইসরাত বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষকতাও করছেন। স্বামী-স্ত্রী মিলে বিশ্ববিদ্যালয়ের টাকায় জমি কেনা, শিক্ষক-কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল লুট, এজেন্ট ব্যাংক ব্যবসা, দক্ষিণা প্রকাশনী প্রতিষ্ঠাসহ নানা অনিয়মে ৩ কোটি ৪৮ লাখ ৬৭ হাজার ৫৪৩ টাকা তছরুপ করেছেন। গত বছরের শেষ দিকে দুদকের মামলার এজাহারে ট্রাস্টি সরোয়ার জাহান আরও ৬ কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন বলে জানা গেছে। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আলমগীর হোসেন এই মামলা করেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক মো. সুলতান মাহমুদ বলেন, ‘নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে হলে ১০ বছরের শিক্ষকতাসহ ২০ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা প্রয়োজন। এ ক্ষেত্রে সাউদার্ন ইউনিভার্সিটিতে কীভাবে তেল কোম্পানির কর্মকর্তা ভিসি পদে রয়েছেন, তা আমার জানা নেই।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৬ মার্চ ভিসি হিসেবে অধ্যাপক মোজাম্মেল হক চার বছরের জন্য নিয়োগ পান। তবে বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়মের বিষয় তুলে ধরলে খেপে গিয়ে ট্রাস্টি সরোয়ার ও তাঁর স্ত্রী ইসরাত মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাঁর নিয়োগ বাতিল করেন। ভিসি পদে এ দম্পতির কাছের লোক হিসেবে পরিচিত শরীফ আশরাফুজ্জামানকে ২০২৪ সালের ২০ এপ্রিল দায়িত্ব দেন। এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পান তিনি।

এদিকে ভিসি নিয়োগে অনিয়ম এবং ট্রাস্টি বোর্ডের দুর্নীতির পরিপ্রেক্ষিতে গত বছরের ২৫ মে রাষ্ট্রপতির আদেশে সেনা সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল (পিআরএল) মো. ফারুককে বিশ্ববিদ্যালয়টির প্রশাসক নিয়োগ করা হয়। তবে ট্রাস্টি বোর্ডের অসহযোগিতায় এক বছরে মাত্র দুই দিন অফিস করতে পেরেছেন তিনি। গত মাসে ফারুকের নিয়োগ বাতিল করা হয়।

মো. ফারুক বলেন, ‘কোনো সহযোগিতা আমি কারও কাছ থেকে পাইনি। আমার নিয়োগের এক বছরে অফিস করতে পেরেছি মাত্র দুই দিন। মামলার পর মামলা, সাড়ে তিন বছরে আটটি রিট।’

এসব বিষয়ে কথা হয় ভিসি শরীফ আশরাফুজ্জামানের সঙ্গে। তিনি দাবি করেন, তাঁর ভিসি হিসেবে দায়িত্ব পালন সব আইন মেনে হয়েছে। এখানে কোনো আইনের ব্যত্যয় হয়নি।

সরোয়ার জাহান ও তাঁর স্ত্রীর দুর্নীতি প্রসঙ্গে ভিসি বলেন, ‘এই প্রতিবেদনটির বিষয়ে আমরা আপত্তি দিয়েছি।’ প্রশাসক মো. ফারুককে সহযোগিতা না করার বিষয়ে তিনি বলেন, ‘তাঁকে এক সরকার নিয়োগ দিয়েছে। আরেক সরকার বাদ দিয়েছে।’

অভিযোগের বিষয়ে জানতে সাউদার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্যসচিব সরোয়ার জাহান ও তাঁর স্ত্রী ইসরাত জাহানের মোবাইলে একাধিকবার কল ও মেসেজ দেওয়া হলেও তাঁরা সাড়া দেননি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েও তাঁদের পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর মো. সাইদুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে জানান, এই বিশ্ববিদ্যালয় ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ১০টি বিভাগ চালু রয়েছে। পাশাপাশি ৩ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত