
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিয়ের আশ্বাস দিয়ে এক কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আফতাব মজুমদার চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি নগরের ওয়্যারলেস এলাকার বাসিন্দা। এই ঘটনায় এনসিপি থেকে আফতাব মজুমদারকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয়।
এদিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, আফতাব মজুমদারের বিরুদ্ধে ১৯ জুলাই এক তরুণী মামলাটি করেন। ওই মামলায় গতকাল বুধবার নগরের হালিশহর এলাকা থেকে র্যাব তাঁকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ওই ছাত্রীর সঙ্গে প্রায় তিন মাস আগে ফেসবুকের মাধ্যমে আফতাবের পরিচয় হয়। এরপর বিয়ের আশ্বাস দিয়ে তিনি তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে বিয়ের জন্য চাপ দিলে আফতাব যোগাযোগ বন্ধ করে দেন। এরপর ওই তরুণী থানায় মামলা করেন। চট্টগ্রামের বেসরকারি আগ্রাবাদ মহিলা কলেজে দ্বাদশ শ্রেণিতে ওই ছাত্রী পড়াশোনা করছেন বলে জানায় পুলিশ।
এদিকে ঘটনার পর আফতাব মজুমদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের নীতি, আদর্শ ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির দপ্তর থেকে পাঠানো এক সাংগঠনিক আদেশে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কারাদেশে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নীতি, আদর্শ ও দলীয় শৃঙ্খলা সমুন্নত রাখা প্রত্যেক সদস্যের মৌলিক দায়িত্ব। কিন্তু মো. আফতাব মজুমদারের বিরুদ্ধে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ ওঠায় দলীয় গঠনতন্ত্র ও প্রযোজ্য সাংগঠনিক বিধান অনুযায়ী তাঁকে চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও বলা হয়, চট্টগ্রাম মহানগর কমিটির জরুরি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশক্রমে এ বহিষ্কারের আদেশ জারি করা হয়েছে। ২০২৬ সালের ২৩ জুলাই থেকে আদেশটি কার্যকর হবে। এর ফলে দলের কোনো সাংগঠনিক কার্যক্রম, সিদ্ধান্ত বা পরিচয়ের সঙ্গে আফতাব মজুমদারের কোনো সম্পর্ক থাকবে না।
এদিকে মামলার এজাহারে বলা হয়, ১৪ জুলাই রাতে চান্দগাঁও এলাকার সুইট প্যালেস নামে একটি আবাসিক হোটেলের কক্ষে বিয়ের আশ্বাস দিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন আফতাব। পরে ওই শিক্ষার্থী বিয়ের তাগিদ দিলে আফতাব তা অস্বীকার করে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। পরে অনুসন্ধানে ভুক্তভোগী জানতে পারেন, অভিযুক্ত আফতাব আগে থেকেই বিবাহিত এবং তাঁর একটি সন্তান রয়েছে। ঘটনার পর ১৯ জুলাই ভুক্তভোগী শিক্ষার্থী চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

হাইওয়ে পুলিশের সভায় আগামী মাসের প্রধান কর্মপরিকল্পনা হিসেবে মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং যানজট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় ও এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ...
১৭ মিনিট আগে
বরিশাল সদর উপজেলা পরিষদে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে চারা, সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মজিবর রহমান সরওয়ার নির্ধারিত সময়ের সাড়ে ৫ ঘণ্টা পর পৌঁছান। এতে অনেক কৃষক ক্ষুব্ধ হয়ে আগেই চলে যান বলে অভিযোগ উঠেছে।
১৮ মিনিট আগে
গাজীপুরে ১৪ বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় বাবাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার বিচারক মো. আবুবক্কর সিদ্দিক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
৯ বছর আগে এরশাদ ও ঋতুর বিয়ে হয়। এর পর থেকেই যৌতুকের জন্য ঋতুর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন স্বামী এরশাদ ও শাশুড়ি রোকেয়া খাতুন। যৌতুক দাবির ঘটনায় ২০২০ সালে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছিল। তবে তাদের দুই মেয়ের কথা বিবেচনা করে মামলা তুলে নেওয়া হয়।
১ ঘণ্টা আগে