
দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির অনেক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কৃত এই নেতাদের মধ্যে সাতজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বহিষ্কৃতদের বড় অংশই এখনো নিজেদের বিএনপির অংশই মনে করে এবং সে অনুযায়ী দলের পাশে থাকার চেষ্টা করে। বিএনপি সরকার গঠনের পর বহিষ্কৃত এসব নেতা দলে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন আজকের পত্রিকাকে। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি।
দলীয় সূত্র বলেছে, গত দেড় বছরে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৩০০০ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়। আর অন্তত ৯০ জন নেতাকে বহিষ্কার করা হয় দলীয় মনোনয়ন না পেয়ে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করায়। দলীয় সিদ্ধান্ত অমান্য করার জন্য এই বহিষ্কৃতদের ফেরানো নিয়ে বিএনপির নীতিনির্ধারকদের মধ্যে ভিন্নমত আছে বলে জানা গেছে। বহিষ্কার ছাড়াও আরও অন্তত ১,৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে বিভিন্ন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
অন্যান্য রাজনৈতিক দল বা জোটের পক্ষ থেকে লোভনীয় পদ-পদবির প্রস্তাব থাকা সত্ত্বেও বিএনপির বহিষ্কৃতরা নিজেদের পুরোনো দলেই ফিরতে চান। অনেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য দলের হাইকমান্ডের কাছে আবেদন জানিয়েছেন। কেউ কেউ আবার কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে জোর তদবির চালাচ্ছেন। এখনো কেন্দ্রের সবুজসংকেত না পেলেও, তাঁরা স্থানীয় পর্যায়ে বিএনপির সব ধরনের কর্মসূচিতে নিয়মিত অংশ নিচ্ছেন। তাঁদের দলে ফেরানোর বিষয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।
দলীয় সূত্রের মতে, বহিষ্কৃতদের কাউকে কাউকে দলে ফেরানোর বিষয়টি বিএনপির শীর্ষ মহলের চিন্তাভাবনায় রয়েছে। তবে এই বিষয়টি এখন অতটা গুরুত্ব পাচ্ছে না। নাম প্রকাশ না করার শর্তে দলের একাধিক জ্যেষ্ঠ নেতা আজকের পত্রিকাকে জানান, যাঁরা দলের জন্য নিবেদিত ছিলেন বা আছেন, কিন্তু কোনো কারণে ভুল সিদ্ধান্ত নিয়েছেন—তাঁদের ফিরিয়ে আনার ব্যাপারে কাজ চলছে। তবে এই মুহূর্তে এটি দলের কাছে বড় অগ্রাধিকার নয়। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন দেশের সামগ্রিক পরিস্থিতির উন্নয়ন এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার ওপর। উপযুক্ত সময় ও পরিস্থিতি বিবেচনা করেই কেবল বহিষ্কৃতদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বহিষ্কৃত নেতাদের দলে ফেরানো নিয়ে বিএনপির নীতিনির্ধারকদের মধ্যে কিছু ভিন্ন মত রয়েছে বলেও জানা গেছে। একাংশের মতে, দলের ‘চেইন অব কমান্ড’ বা সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা বহাল রাখা উচিত। অন্য পক্ষের মতে, মাঠের জনপ্রিয় নেতাদের বাইরে রাখা কৌশলগত ভুল হতে পারে। কারণ, বহিষ্কারের আগে দীর্ঘ ১৭ বছর দলের স্থানীয় রাজনীতি এই নেতাদের ওপর ভর করেই চলেছে। নিরন্তর মামলা, হামলা ও গ্রেপ্তারের মুখোমুখি হয়ে আন্দোলন কমবেশি চাঙা রেখেছিলেন তারাই। তাই অপরাধের মাত্রা বিবেচনা করে ‘সাধারণ ক্ষমার’ মাধ্যমে তাদের ঘরে ফেরানো উচিত।
বহিষ্কৃত বেশ কয়েকজন শীর্ষ নেতা দলকে তাদের অবস্থানের কথা তুলে ধরেছেন। বহিষ্কৃত হওয়ার পরও নিজেদের ‘খাঁটি বিএনপিকর্মী’ হিসেবে দাবি করেছেন তারা। দলের শীর্ষ নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করে মাঠের রাজনীতিতে সক্রিয় আছেন।
এবারের সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে প্রার্থী হয়েছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। শেষ মুহূর্তে আসনটি মিত্র দলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কৃত হন তিনি। দলে ফেরার চেষ্টার বিষয়ে জানতে চাইলে নীরব আজকের পত্রিকাকে বলেন, নির্বাচনে হারলেও মাঠ ছাড়েননি তিনি। প্রচুরসংখ্যক অনুসারী নিয়ে নিয়মিত কর্মসূচি পালন করছেন। নীরব বলেন, ‘জ্ঞান হওয়ার পর থেকেই বিএনপি করি এবং এটিই (বিএনপি) আমাদের শেষ ঠিকানা। এর বাইরে কিছু নাই। শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে আমি দল করি। দলের চেয়ারম্যান যেখানেই যান, তা-সহ বিএনপির সব কর্মসূচিতেই আমি অংশগ্রহণ করি।’
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নাটোর-১-এ স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কৃত হন বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। দলে ফিরবেন কি না—জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তো দলের মধ্যেই আছি। দলের কাজ আগে যেমন করেছি, এখনো তেমনই করি। দল আবার পদায়ন করবে কি না বা সাংগঠনিকভাবে কাজে লাগাবে কি না—সেটা দলের ব্যাপার। দল কাজে লাগালে কাজ করব, না লাগালে করলাম না। তাতে দলই ক্ষতিগ্রস্ত হবে।’
বহিষ্কৃতদের দলে ফেরানোর বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গের কারণে যে শাস্তি দেওয়া হয়েছে, তা আমরা আনন্দের সঙ্গে দিইনি। খুব কষ্ট নিয়ে দল এই সিদ্ধান্ত নিয়েছে। এখন এ ব্যাপারে দল পরবর্তী সময়ে কী সিদ্ধান্ত নেয়, তা দেখার বিষয়। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

দেশের আর্থিক অবস্থা নাজুক বলে দাবি করেছে বিরোধী দল। তাদের আশঙ্কা, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হলে সবার ওপর প্রভাব পড়বে। শনিবার (৫ আগস্ট) অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন অভিমত দিয়েছেন কমিটির সদস্য জামায়াতে ইসলামীর সাইফুল আলম খান মিলন। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে...
৫ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, ‘বিরোধী দল প্রথমে বলেছিল জ্বালানিসংকটের কারণে লংমার্চ করবে, অথচ এই কর্মসূচিতেই বিপুল পরিমাণ জ্বালানি পোড়ানো হচ্ছে। পরবর্তী সময়ে তারা দাবি তুলল গণরায় বাস্তবায়নের। একদিকে তারা সংবিধান সংশোধনী কমিটির আহ্বানে সাড়া না দিয়ে সেখানে অংশগ্রহণ করা থেকে বিরত থাকছে, অন্যদিকে লংমার্চে...
৮ ঘণ্টা আগে
গত ১৭ বছর লড়াই করতে করতে জনগণের রায় নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে। সরকারের দায়িত্ব নেওয়ার ৬ মাস পার হচ্ছে। এখনই আন্দোলন শুরু করেছেন, এটা ঠিক না। ১১ দলীয় জোটের লংমার্চে জনগণের সাড়া নেই। এই লংমার্চে চিহ্নিত কিছু ব্যক্তি অংশগ্রহণ করেছে। দেশের মানুষ আপনাদের লংমার্চ কর্মসূচি গ্রহণ করেনি
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীকে সতর্ক করে মির্জা আব্বাস বলেন, ‘বিষয়গুলো সম্পর্কে আপনার একটু সাবধান হওয়া উচিত। কারণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়নি। অবশ্যই দেশনেত্রীর মৃত্যু স্বাভাবিক, বেগম খালেদা জিয়াকে কেউ হত্যা না করলেও যেভাবে মারা গেছেন, সেটি আমাদের কারও কাম্য ছিল না।’
৯ ঘণ্টা আগে