Ajker Patrika

চট্টগ্রামে ওয়েবিলের নামে চাঁদার দাবিতে ছুরিকাঘাত, আহত সেই মাসুমের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ২০: ১৪
চট্টগ্রামে ওয়েবিলের নামে চাঁদার দাবিতে ছুরিকাঘাত, আহত সেই মাসুমের মৃত্যু
নিহত মাসুম

চট্টগ্রাম নগরের একে খান মোড়ে ওয়েবিলের নামে ১৫০ টাকা চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত মোহাম্মদ মাসুম (২৮) মারা গেছেন। গতকাল বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে হত্যা মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে মাসুমের মামা মো. হাফিজুর রহমান (৫৪) বাদী হয়ে নগরের পাহাড়তলী থানায় মামলাটি করেন। মামলায় আসামি করা হয়েছে আকবরশাহ থানার ৩ নম্বর ঝিল এলাকার বাসিন্দা শ্রমিক নেতা মো. হাসান (৪০), গোলপাহাড় এলাকার জাকির প্রকাশ মাম জাকির (৪২), অনিক (২৩), সাইফুল (৩২) ও মো. আজমকে (৩০)।

নিহত মাসুম আকবরশাহ থানার একে খান এলাকার ফরিদারপাড়ার বাসিন্দা মাহবুবুল আলমের একমাত্র ছেলে। তিনি বিবাহিত ছিলেন। তাঁর একটি কন্যাসন্তান রয়েছে।

মামলার বাদী মো. হাফিজুর রহমান বলেন, মাসুমের এক বন্ধু ম্যাক্সিমা গাড়ি চালান। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে নগরের একে খান মোড়ে ওয়েবিলের নামে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে ওই বন্ধুর সঙ্গে কয়েকজনের বাগ্‌বিতণ্ডা হলে তা মীমাংসা করতে এগিয়ে যান মাসুম। এ সময় দুজনকেই ছুরিকাঘাত করা হয়। তলপেটে গুরুতর আহত মাসুমকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নগর পুলিশের পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মো. রুহুল আমিন লাবু বলেন, চিকিৎসাধীন মাসুম গতকাল রাতে মারা যাওয়ার পর আজ দুপুরে তাঁর পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। নিহতের পরিবারের এজাহার অনুযায়ী, ঘটনার সময় কথা-কাটাকাটির বিষয়টি জানা গেছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। তাঁদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে মূল ঘটনা বেরিয়ে আসবে।

স্থানীয় সূত্রে জানা যায়, নগরের সিটি গেট থেকে জিইসি মোড় পর্যন্ত ১১ নম্বর অটোটেম্পু রুটের গাড়ি থেকে নিয়মিত চাঁদা আদায়কে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। সাধারণ চালকদের অভিযোগ, এ রুটে গাড়ি চালাতে হলে ওয়েবিলের নামে দৈনিক ও মাসিক হারে টাকা দিতে হয়।

আহত চালক মো. শাহাদাত হোসেন বলেন, রাতে একে খান মোড়ে যাত্রী নামানোর সময় হাসান নামের এক শ্রমিক নেতা কয়েকজনকে নিয়ে তাঁর কাছে ওয়েবিলের ১৫০ টাকা দাবি করেন। গাড়ি চালিয়ে তখনো আয় না হওয়ায় তিনি টাকা দিতে অপারগতা জানান। কিছুক্ষণ পর হাসান, রনিসহ সাত-আটজন এসে আবারও টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তাঁকে মারধর করা হয়।

শাহাদাত বলেন, ‘এ সময় হাসান ছুরি বের করে এলোপাতাড়ি ঘোরাতে থাকেন। আমার বন্ধু এগিয়ে এলে তাঁর পেটে ছুরি লাগে। তখন আমার পিঠেও ছুরি দিয়ে একাধিক আঘাত করা হয়।’

আহত শ্রমিক ও সাধারণ চালকদের অভিযোগ, হামলাকারীরাও পরিবহন শ্রমিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সঙ্গে যুক্ত। তাঁদের দাবি, সংগঠনটির আকবরশাহ থানা শাখার সভাপতি নূর ইসলামের নেতৃত্বে তাঁর অনুসারীরা চালকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করেন। নূর ইসলাম ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত