অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলদা এলাকায় রিফাইনারি প্ল্যান্ট স্থাপনের প্রাথমিক অনুমোদন পেয়েছে বেসরকারি প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি। তবে অভিযোগ রয়েছে, সরকারি অনুমোদন পাওয়ার আগেই প্রতিষ্ঠানটি সেখানে প্ল্যান্ট নির্মাণের কাজ শুরু করেছিল। এর আগে কয়েক দফায় অনুমোদনের চেষ্টা করেও ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। এবার বেসরকারি পর্যায়ে অপরিশোধিত জ্বালানি তেল আমদানিনির্ভর মজুদ, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণন নীতিমালা-২০২৩ অনুযায়ী ছয়টি শর্তে প্রাথমিক অনুমোদন দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
গতকাল (১৮ নভেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-২ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। বিভাগের উপসচিব আসিফ আহমেদ স্বাক্ষরিত চিঠিটি সুপার পেট্রোকেমিক্যাল পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলদা এলাকায় রিফাইনারি প্ল্যান্ট স্থাপনের প্রাথমিক অনুমতি দেওয়া হয়েছে। তবে এ অনুমোদনের সঙ্গে ছয়টি শর্ত যুক্ত করা হয়েছে।
শর্ত অনুযায়ী, প্রতিষ্ঠানটিকে বেসরকারি পর্যায়ে অপরিশোধিত জ্বালানি তেল আমদানিনির্ভর মজুদ, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণন নীতিমালা-২০২৩-এর ৮.৫ অনুচ্ছেদসহ প্রযোজ্য সব শর্ত প্রতিপালন করতে হবে। এ-সংক্রান্ত প্রচলিত ও ভবিষ্যতে প্রণীত সব আইন, বিধিমালা ও নীতিমালা অনুসরণ করতে হবে।
এ ছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন আইন-২০১৬, পেট্রোলিয়াম আইন-২০১৬ এবং পেট্রোলিয়াম অ্যাক্ট-১৯৭৪ অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে হবে। রিফাইনারি স্থাপনের ক্ষেত্রে পরিবেশসংক্রান্ত সব আইন ও বিধিবিধানও মানতে হবে।
অনুমতিপত্র পাওয়ার পর প্রতিষ্ঠানটিকে সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে প্রয়োজনীয় অনুমোদন, ছাড়পত্র, অনাপত্তিপত্র ও লাইসেন্স সংগ্রহ করতে হবে। এসব প্রক্রিয়া সম্পন্ন করার পর চূড়ান্ত অনুমোদনের জন্য আবেদন করতে হবে। পাশাপাশি রিফাইনারিতে উৎপাদিত সব পণ্য বিপিসির কাছে সরবরাহ করার শর্তও দেওয়া হয়েছে।
চিঠির অনুলিপি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি অনুমোদনের আগে থেকেই সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি জুলদা এলাকায় রিফাইনারি প্ল্যান্ট নির্মাণ করেছিল। এ প্রকল্পের অনুমোদন পেতে প্রতিষ্ঠানটি গত কয়েক বছরে কয়েক দফা চেষ্টা করেও সফল হয়নি। পরবর্তী সময়ে ২০২৩ সালের নীতিমালার আওতায় প্রতিষ্ঠানটিকে প্রাথমিক অনুমোদন দেওয়া হলো।
এ বিষয়ে বিপিসির সচিব শাহিনা সুলতানা জানান, সুপার পেট্রোকেমিক্যাল পিএলসির উদ্যোগে রিফাইনারি প্ল্যান্ট স্থাপনের প্রাথমিক অনুমোদনসংক্রান্ত একটি চিঠি তিনি দেখেছেন। তবে বিষয়টি বিপিসির অপারেশন বিভাগে এসেছে।









