Ajker Patrika

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য
চুয়েটে অবরুদ্ধ উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে উদ্ধার করেন প্রশাসনের কর্মকর্তারা। ফাইল ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থার মধ্যে অনলাইনে সিন্ডিকেট সভা করেছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত সভায় উপাচার্যসহ ছয়জন অংশ নেন। তবে চুয়েটের কোনো শিক্ষক সদস্য সভায় যোগ দেননি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একমাত্র শিক্ষক সদস্যও অনুপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সভায় উপাচার্য ছাড়াও পাঁচজন বাইরের সদস্য অংশ নেন। চুয়েটের সিন্ডিকেটে উপাচার্যসহ সদস্যপদ ১৭ টি। তবে সহ-উপাচার্য ও রেজিস্ট্রারের পদ শূন্য। শূন্য পদ বাদ দিলে ১৫ জন সদস্যের মধ্যে ছয়জন সভায় উপস্থিত ছিলেন। সে হিসাবে ৯ জন, অর্থাৎ ৬০ শতাংশ সদস্য অনুপস্থিত ছিলেন।

সভায় শিক্ষাকার্যক্রম স্বাভাবিক করা ও বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গত ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে আন্দোলন চলছে। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি, মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও অসহযোগ আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

গত ১২ অক্টোবর শিক্ষার্থীরা উপাচার্যকে তাঁর কার্যালয়ে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে প্রশাসন ও পুলিশের সহায়তায় তাঁকে ক্যাম্পাস থেকে বের করে আনা হয়। ওই দিন সকাল সাড়ে ৮টার দিকে মাইক্রোবাসে করে ছাত্রদলের কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে তিনি ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে প্রশাসনিক ভবনের তালা ভেঙে উপাচার্য ও তাঁর সহযোগীরা কার্যালয়ে ঢোকেন বলে জানা গেছে।

প্রায় ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন উপাচার্য। এরপর গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তিনি সার্কিট হাউসে ফিরে সিন্ডিকেট সভা আহ্বান করেন।

সভায় অংশ নেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, চুয়েটের কোনো সিন্ডিকেট সদস্য সভায় উপস্থিত ছিলেন না। এ বিষয়ে বিস্তারিত তথ্য সিন্ডিকেটের চেয়ারম্যান ও চুয়েটের উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম জানাতে পারবেন বলে তিনি আর মন্তব্য করতে চাননি।

উপাচার্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। সিন্ডিকেটের সচিব ও রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্বে থাকা অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, তিনি আগেই রেজিস্ট্রারের পদ থেকে পদত্যাগ করেছেন।

শুক্রবারের অনলাইন সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ছাড়াও অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. মাহবুবুল হক পাটোয়ারী, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান এবং অবসরপ্রাপ্ত মহাপরিচালক (টিএসসি) ও বিটিবিএলের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) প্রকৌশলী খান আতাউর রহমান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একমাত্র শিক্ষক সদস্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডা. মো. সেকান্দার চৌধুরীও সভায় যোগ দেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত