নিজ বাসা থেকে সাবেক আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নুর নাহার বেগম (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে পূর্ব মাদারবাড়ি মাঝিরঘাট এলাকার নিজ বাসার শয়নকক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত করা হচ্ছে।
নুর নাহার বেগম পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন। তাঁর স্বামী প্রয়াত আবুল কালাম। তিনি সদরঘাট থানার মাঝিরঘাট রোডের সরকারি পুকুরপাড় এলাকার নুর মোহাম্মদ মাস্টার লেনে বসবাস করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুর নাহার দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। সম্প্রতি তাঁর বড় ছেলেও ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। এর পর থেকে তিনি ছোট ছেলের সঙ্গে ওই বাসায় থাকতেন। গতকাল সকালে তাঁর ছেলে কর্মস্থলে চলে যান। তাঁর অন্তঃসত্ত্বা পুত্রবধূও তখন বাবার বাড়িতে ছিলেন। বাসায় একাই ছিলেন নুর নাহার।
আজ বৃহস্পতিবার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, সন্ধ্যায় বাসার পেছনের দরজা খোলা দেখতে পান ভাড়াটেরা। পরে তাঁরা ভেতরে ঢুকে শয়নকক্ষের বিছানায় নুর নাহারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।
পুলিশ জানায়, নুর নাহারের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাঁর মুখে হালকা লালচে দাগ রয়েছে। তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তাঁর ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি একরাম উল্লাহ আরও জানান, বাসার পেছনের লোহার দরজাটি সাধারণত ভাড়াটেরা যাতায়াতের জন্য ব্যবহার করতেন। দরজাটি খোলা থাকার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিখোঁজ মোবাইলসহ অন্যান্য বিষয়ও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।









