Ajker Patrika

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৯: ৫৯
চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা
স্থানীয় বাসিন্দারা সম্রাট ও রাশেদকে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে পঞ্চবটি চা-বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি দাশের কাছ থেকে ৭ লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মো. সম্রাট (২৩) ও রাশেদ (২৪)। এর আগে এ ঘটনায় আবু (২৩) ও জিহান (২৫) নামের আরও দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্যাংক থেকে টাকা তুলে চা-বাগানে ফিরছিলেন নেপাল কান্তি দাশ। বাগানের প্রবেশ গেটের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাঁর টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় তাঁকে ও স্থানীয় এক পল্লিচিকিৎসককে কুপিয়ে আহত করা হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে আবুকে আটক করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে জিহানকেও আটক করা হয়। পরে তাঁদের ভূজপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এদিকে, গতকাল রাত ১১টার দিকে উপজেলার নারায়ণহাটের বাউদ্দারপাড়া এলাকায় সম্রাট ও রাশেদকে আটক করেন স্থানীয় লোকজন। তাঁরা দুজনকে মারধর করে বেঁধে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে আটক করে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, স্থানীয় লোকজন সম্রাট ও রাশেদকে ধরে মারধর করে বেঁধে রেখেছিলেন। খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে আটক করে। চিকিৎসার জন্য তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হবে। ছিনতাই হওয়া টাকা উদ্ধারে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা