সাক্ষাৎকার /বিদেশে বসে প্রযুক্তিতে বুনছেন বাংলার শিকড়: ফজলুল হক নয়ন
ফজলুল হক নয়ন তৈরি করেছেন বাংলা ক্যালেন্ডার বিডি নামে একটি ওয়েবসাইট। বাংলা ক্যালেন্ডার ও বাংলা কৃষি সংস্কৃতি যখন ক্রমেই উবে যেতে বসেছে, তখন তিনি তৈরি করেছেন ওয়েবসাইটটি। তিনি এখন বসবাস করছেন পোল্যান্ডে। সাক্ষাৎকার নিয়েছেন রজত কান্তি রায়।

আপনি তো সাউন্ড নিয়ে কাজ করতেন। হঠাৎ বাংলা ক্যালেন্ডার বিডি ডটকম তৈরি করলেন কেন?
একান্ত ব্যক্তিগত কারণে। আমি আসলে ভীষণ রকম হোমসিক একজন মানুষ। যেটা বিদেশে আসার আগে বুঝতে পারিনি। বিদেশে এসে আমি হয় কাজে ব্যস্ত থাকি, নয়তো দেশকে মিস করি। দেশের সঙ্গে নিজের এই দূরত্ব ঘোচানোর জন্যই বাংলা ক্যালেন্ডার বিডি তৈরি করা। এখন প্রতিদিন অন্তত কিছুক্ষণ বাংলার সঙ্গে থাকা হয়। তবে অডিও ভিজ্যুয়াল জগৎ থেকে একেবারে যে সরে গেছি, তা-ও নয়। এখনো কিছু কাজ করা হয়।
বাংলা ক্যালেন্ডারের ব্যবহার ধীরে ধীরে কমছে। আমাদের সামাজিক জীবনে এর প্রভাব কী বলে মনে করেন?
বাংলা ক্যালেন্ডারকে যদি আপনি শুধু দিন-তারিখ গণনার মাধ্যম মনে করেন, তাহলে এর প্রভাব সামান্য। কী যায় আসে বাংলা তারিখ মনে না রাখলে? আপনার-আমার মতো শহুরে মানুষের জীবন তো চলছে। কিন্তু যদি আপনি বাংলা তারিখকে আপনার সাংস্কৃতিক পরিচয়ের উপাদান মনে করেন, তাহলে আমি মনে করি এর যথেষ্ট প্রভাব পড়ে।
বহু দেশ ঘুরে, নানা ভাষা জেনে, সংস্কৃতির অলিগলি ঘুরে কোথাও না কোথাও ফেরার একটা জায়গা লাগে, একটা ঠিকানা লাগে, যেটা আমার পরিচয় বহন করে। আর সেটা আমার কাছে আমার ভাষা, আমার সংস্কৃতি।
এটা তো ভাববাদী কথা। আর যদি বাস্তববাদী হই, তাহলে তার প্রভাব আরও বিস্তৃত। যে ক্যালেন্ডারের শুরু হয়েছিল ফসল কাটা ও খাজনা আদায়ের সুবিধার জন্য, এমনকি এটাকে ‘ফসলি সন’ও বলা হতো, তার সামাজিক প্রভাব খুবই প্রাসঙ্গিক।
কৃষির সঙ্গে আমাদের ক্যালেন্ডার যুক্ত। আপনার কি মনে হয় আমাদের কৃষিপ্রধান দেশ থেকে কৃষি বিষয়টা ধীরে ধীরে কমে যাচ্ছে?
না। কৃষি কমছে না। কারণ, কৃষির আসলে বিকল্প নেই। কৃষির আধুনিকায়ন হচ্ছে এবং ক্রমবর্ধমান চাহিদার কারণে কৃষির ওপর চাপও বাড়ছে। তবে যে কৃষকের জন্য এই বাংলা ক্যালেন্ডারের উদ্ভব হয়েছিল, সেই পঞ্জিকার সঙ্গে দৃশ্যমান সম্পর্ক কমছে।
আমার মনে আছে, মা প্রতিবছর কার্তিক মাসের এক সপ্তাহ হলে খুলনা থেকে গ্রামের বাড়ি যেত সারা বছরের ধান আনতে। তার সারা বছরই বাংলা তারিখের হিসাবটা থাকত। এই চর্চা কমে যাচ্ছে, আশঙ্কাজনকভাবে কমেছে।
বাংলা ক্যালেন্ডার বিডি ডটকম ওয়েবসাইটটিতে বাংলা মাস, কৃষি ক্যালেন্ডার, আবহাওয়া ইত্যাদি দেওয়া আছে। সঙ্গে রেডিও আছে এবং টেক্সচুয়াল কনটেন্টও আছে। এই সাইটকে কি একটি বাংলা কনটেন্ট সাইট হিসেবে তৈরি করার ইচ্ছা আছে?
পাহাড় ডিঙানোর মতো কোনো স্বপ্ন দেখছি না। তবে হ্যাঁ, লোকসাহিত্য ও লোকসংস্কৃতি নিয়ে কিছু কাজ আসবে সামনে। সেটা অডিও ও টেক্সট—দুই ফরম্যাটেই।
এর প্রযুক্তিগত কাজটি করেছেন কীভাবে?
আমার তো প্রাতিষ্ঠানিক কোডিং শিক্ষা নেই। প্রথমে বেশ কিছুদিন কয়েকজন ওয়েব ডেভেলপারের পেছনে ঘুরে, পরে নিজেই সাহস করে শিখতে শুরু করলাম। এতে অবশ্য সুবিধা হয়েছে। প্রচুর ভুল করে শেখার সুযোগ হয়েছে এবং বেশির ভাগ জিনিস নিজের মনের মতো তৈরি করা গেছে।
বিভিন্ন প্রযুক্তি, এআই টুলস এবং অনলাইন রিসোর্সের সাহায্যে ধাপে ধাপে ওয়েবসাইট তৈরি করেছি। ডিজাইন, কনটেন্ট, ফিচার যুক্ত করা থেকে শুরু করে হোস্টিং ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সবকিছুই নিজের উদ্যোগে শেখার চেষ্টা করেছি। এখনো প্রতিনিয়ত শিখছি।
বিদেশে বসে কাজটি করা কতটা কঠিন ছিল?
সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সময়। তবে আগ্রহ তার থেকে বড় ছিল, যার কারণে কাজটা করা গেছে। হয়তো ছোট কোনো একটা বাগ ফিক্স করতেই কয়েক দিন চলে গেছে, কিন্তু থেমে থাকিনি।









