সীতাকুণ্ডে আ.লীগের সাবেক এমপি মামুনের বাড়িতে আগুন, পুলিশের ভিন্ন বক্তব্য

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুনের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বাড়ির সামনে থাকা একটি প্রাইভেটকারেও আগুন দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। তবে সীতাকুণ্ড থানা-পুলিশ বলছে, পুড়ে যাওয়া গাড়ির পলিথিন ও বাড়ির দরজার সামনে ছবি তোলার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় সাবেক সংসদ সদস্যের বাড়িতে এ ঘটনা ঘটে।
আজ শুক্রবার দুপুরের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আগুন দেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন এস এম আল মামুনের ব্যক্তিগত সহকারী সাইদুর রহমান মারুফ।
পোস্টে সাইদুর রহমান মারুফ লেখেন, ‘চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন ভাইয়ের বাড়িতে কাল রাতে (বৃহস্পতিবার) আবারও আগুন দিয়েছে! বাড়ি ভাঙচুর করেছে, গাড়ি পুড়িয়ে দিয়েছে! এই দিন শেষ না, আরও দিন আসবে। আমরাও আসব।’
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলেন, মামুনের বাড়িতে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। এরপর বাড়িতে আগুন দেওয়া হয় এবং বাড়ির সামনে থাকা একটি প্রাইভেটকারেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় বাড়িতে ভাঙচুরও করা হয় বলে তাঁদের দাবি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, ‘৫ আগস্ট অগ্নিসংযোগে পুড়ে যাওয়া সাবেক সংসদ সদস্যের গাড়িটি পলিথিন দিয়ে ঢাকা ছিল। ওই পলিথিনে আগুন দিয়ে ভিডিওটি ভাইরাল করা হয়েছে।’
বাড়ির দরজার সামনে আগুন দেওয়ার বিষয়ে মহিনুল ইসলাম বলেন, ‘পলিথিনের একটি অংশ কেটে দরজার সামনে রেখে সেটাতেও আগুন দেওয়া হয়েছিল। কাজটি মূলত ছবি তোলার জন্য করা হয়েছে। দুষ্কৃতকারীরা আগুন দিলে বাড়িঘর পুড়িয়ে দিত। কেউ ছবি তোলার জন্যই এই কাজটি করেছে বলে ধারণা করছি।’









