
চট্টগ্রামের সিআরবিতে নির্মিতব্য হাসপাতালটি কুমিরায় সরিয়ে নেওয়ার কথা রেলওয়ের সংসদীয় কমিটিতে আলোচনা করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবু চলতি মাসের শেষের দিকে অবকাঠামোর নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা যায়, ২০১২ সালের দিকে রেলওয়ের অব্যবহৃত নিজস্ব জমিতে হাসপাতালসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রমে বিনিয়োগের চেষ্টা করা হয়। এরপর রেলের জমিতে ৫০০ শয্যার হাসপাতাল ও ১০০ সিটের মেডিকেল কলেজ নির্মাণের বেসরকারি অংশীদার নির্বাচনের কার্যক্রম হাতে নেওয়া হয়। এর অধীনে ২০১৩ সালের ১৪ আগস্ট অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) সভায় প্রকল্পটি পিপিপিতে বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে রেলের প্রস্তাবে পরামর্শক প্রতিষ্ঠান থেকে ‘স্টাবলিশমেন্ট অব এ ৫০০ বেড মাল্টি স্পেশিয়ালিটি হসপিটাল অ্যান্ড ১০০ সিট মেডিকেল কলেজ অন বাংলাদেশ রেলওয়ে সিট অ্যাট চিটাগাং’ শিরোনামে দরপত্র দলিল প্রস্তুত করা হয়। পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ প্রকল্প নির্মাণের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৯৮ দশমিক ৩৮ কোটি টাকা।
২০১৮ সালের ১০ ডিসেম্বর খসড়া চুক্তিপত্র অনুমোদন দেয় আইন মন্ত্রণালয়। ২০১৯ সালের ২৪ জুলাই সিসিইএর বৈঠকে পিপিপি প্রকল্পটি পুনরায় পাঠানোর সিদ্ধান্ত হয়। ২০২০ সালের ৬ জানুয়ারি পিপিপি চুক্তিপত্র সিসিইএ কমিটিতে দ্বিতীয়বারের মতো পাঠানো হয়। এরপর ২৮ জানুয়ারি সিসিইএ কমিটির বৈঠকের পর ১৩ ফেব্রুয়ারি পিপিপি প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়, যা একই বছরের ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চূড়ান্ত অনুমোদন দেন।
সিআরবি-সংলগ্ন ছয় একর জমিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব স্বাস্থ্যসেবা কমপ্লেক্স নির্মাণ করছে বাস্তবায়নকারী বেসরকারি প্রতিষ্ঠান মেসার্স ইউনাইটেড এন্টারপ্রাইজ। গত বছরের ২ ফেব্রুয়ারি রেলওয়ের প্রথম সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) প্রকল্পটির নামকরণ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের নামে করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের কাছে আবেদন করা হয়। ওই বছরের ২৭ অক্টোবর ট্রাস্টি বোর্ডের সভায় রেলের আবেদনটির অনুমোদন দেওয়া হয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে গত ৭ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয় প্রকল্পটির নতুন নামকরণ-সংক্রান্ত বিষয় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে জানায়। মন্ত্রণালয়ের উপসচিব মো. আলী কবির স্বাক্ষরিত চিঠিতে চট্টগ্রামের সিআরবি চত্বরে হাসপাতাল নির্মাণের নামকরণের বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। সরকার অনুমোদন দেওয়ার পর প্রকল্পাধীন এলাকায় মাটি পরীক্ষা, গভীর নলকূপ বসানোসহ আনুষঙ্গিক কাজ সম্পাদন করেছে সংস্থাটি।
আজ বুধবার সকালে বাস্তবায়নকারী বেসরকারি প্রতিষ্ঠান মেসার্স ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক কায়েস খলিল খান (করপোরেট অ্যাফেয়ার্স) আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চলতি মাসের শেষ অথবা জুন মাসের প্রথম দিকে কনস্ট্রাকশনের কাজ শুরু করব। এরই মধ্যে ভৌত কাজ শেষ করা হয়েছে।’
এক প্রশ্নের জবাবে মহাব্যবস্থাপক বলেন, ‘হাসপাতালটি সিআরবির পরিবর্তে কুমিরায় নেওয়ার বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত পাইনি। এটি অনেক আগের প্রকল্প। সরকারও অনুমোদন দিয়েছেন। তাই আমরা চলতি মাসেই কাজ শুরু করতে সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছি। সিআরবির নির্ধারিত স্থানে আমাদের কাজ বিদ্যমান রয়েছে।’
পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী বলেন, ‘রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে সিআরবির পরিবর্তে কুমিরায় নেওয়ার বিষয়ে আলোচনা হতেই পারে। তবে প্রস্তাবনার বিষয়ে কোনো কিছু জানি না। কুমিরায় হাসপাতাল হওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। যদি সিদ্ধান্তও হয়, সেটি অনেক সময়ের ব্যাপার।’
রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হল, নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে হাসপাতালটি কুমিরায় নেওয়ার বিষয়ে প্রস্তাবনাটা কাকে দেওয়া হয়েছে সে বিষয়ে জানা যায়নি।
আরও পড়ুন:

দুই প্রতিষ্ঠানের টেন্ডার সংক্রান্ত দ্বন্দ্বের জেরে রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ২০ হাজার টাকায় ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে এ হামলা করা হয়। এ ঘটনায় আজ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন
১১ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইনে কাজ করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে মো. রফিকুল ইসলাম (৫৫) নামের এক রেলওয়ে শ্রমিক নিহত হয়েছেন।
১২ মিনিট আগে
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অগ্নিকাণ্ডে গরুর খামারসহ পাঁচটি দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওয়াগয়পাড়া রোয়াংছড়ি পুরাতন বাসস্টেশন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বসতঘর, পাঁচটি দোকানসহ গবাদিপশুর খামার পুড়ে যায়।
২১ মিনিট আগে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ থেকে তিন দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাংলাবান্ধা স্থলবন্দরের ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
৪২ মিনিট আগে