Ajker Patrika

বিচারকের খাসকামরায় আগুন, পুড়েছে মামলার নথিসহ আসবাবপত্র

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২২: ২৪
বিচারকের খাসকামরায় আগুন, পুড়েছে মামলার নথিসহ আসবাবপত্র
পুড়ে যাওয়া খাস কামরার চিত্র। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের রাউজান সিনিয়র সিভিল জজ আদালতের বিচারকের খাস কামরায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪০ থেকে ৫০টি মামলার নথিপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।

আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।

এদিকে, অগ্নিকাণ্ডের পর আদালতের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সেবাপ্রার্থীরা।

আদালত সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আদালতের নাজির আকাশ নাথ আদালতে এসে অফিস কক্ষ থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন। পরে তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।

আগুনের সূত্রপাত নিয়ে আদালতপাড়ায় ধোঁয়াশা তৈরি হয়েছে। কেউ কেউ ঘটনাটিকে পরিকল্পিত অগ্নিসংযোগ বলে ধারণা করছেন, আবার কারও ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে নাশকতার কোনো ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

আদালতের নাজির আকাশ নাথ বলেন, আগুনে সিনিয়র সহকারী জজ আবদুল মান্নানের কক্ষের ৪০ থেকে ৫০টি মামলার নথিপত্র পুড়ে গেছে। এ ছাড়া একটি এসি, একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি বুকশেলফ, একটি এক্সিকিউটিভ চেয়ার, ওয়াশরুমের জিনিসপত্র ও অনেক আসবাবপত্র পুড়ে গেছে।

রাউজান আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়্যদ গোলাম সরোয়ার বলেন, আগুনের ঘটনায় সাময়িকভাবে আদালতের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এতে অনেক সেবাপ্রার্থী ফিরে গেছেন। তিনি সুষ্ঠু তদন্তের পাশাপাশি দ্রুত আদালতের কার্যক্রম সচল করার দাবি জানান।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিচারকের খাস কামরার একপাশের একটি জানালা অরক্ষিত অবস্থায় ছিল। ওই দিক দিয়ে কেউ আগুন দিয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত